ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টু-জি লাইসেন্স নবায়নে দ্বিতীয় কিস্তির ভ্যাটসহ দুই হাজার ৩৭২ কোটি ৩৯ লাখ টাকা জমা দিয়েছে তিন মোবাইল ফোন অপারেটর।
বৃহস্পতিবার বিকেলে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি কার্যালয়ে গ্রামীণফোন, বাংলালিংক ও রবি’র প্রতিনিধিরা এ টাকা জমা দেয়। তবে সন্ধ্যা পর্যন্তদ্বিতীয় কিস্তির টাকা জমা দেয়নি সিটিসেল।
বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাইসেন্স নবায়নে ভ্যাটসহ দুই হাজার ৩৭২ কোটি ৩৯ লাখ টাকা জমা দিয়েছে তিনটি অপারেটর।”
এর মধ্যে গ্রামীণফোন এক হাজার ৮০ কোটি ৯৪ লাখ টাকা, বাংলালিংক ৬৫৭ কোটি ৫৩ লাখ টাকা এবং রবি ৬৩৩ কোটি ৯২ লাখ টাকা বিটিআরসিতে জমা দিয়েছে।
দ্বিতীয় কিস্তির জন্য সিটিসেলের ভ্যাটসহ প্রায় ১৫০ কোটি টাকা জমা দেওয়ার কথা ছিল।
সিটিসেলের টাকা জমা না দেওয়ার বিষয়ে জানতে চাইলে জিয়া আহমেদ বলেন, “এ বিষয়ে সিটিসেলের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পরবর্তীতে বিলম্ব ফিসহ তারা টাকা জমা দিতে পারবে।”
বৃহস্পতিবারের মধ্যে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলকে তিন হাজার ৪০০ কোটি টাকা পরিশোধ করতে গত ২৭ অগাস্ট চিঠি দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
২০১০ সাল থেকে বকেয়া পাওনা ও টু-জি লাইসেন্স নবায়নে দ্বিতীয় কিস্তি হিসেবে এ টাকা চেয়ে চিঠি দেয় বিটিআরসি।
গত সোমবার পাঠানো চিঠি অনুযায়ী, ২০১০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চার অপারেটরের মোট ১ হাজার ৭৮ কোটি ৬৪ লাখ টাকা বকেয়া রয়েছে।
দ্বিতীয় কিস্তি হিসেবে লাইসেন্স নবায়নে স্পেকট্রাম এসাইনমেন্ট ফি ২ হাজার ৩২৫ কোটি টাকা দিতে হবে। স্পেকট্রাম ফির সঙ্গে ১৫ শতাংশ হারে ভ্যাট যোগ হবে বলে বিটিআরসির চিঠিতে উল্লেখ করা হয়।
চার অপারেটরের বকেয়া পাওনার বিষয়ে জানতে চাইলে জিয়া আহমেদ বলেন, “এ বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। অক্টোবরে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী অপারেটররা এ টাকা জমা দেবে।”
লাইসেন্স নবায়নের জন্য চার অপারেটরকে প্রায় ৭ হাজার ৫শত ৬৩ কোটি টাকা ফি দিতে হচ্ছে। এর মধ্যে গত নভেম্বরে প্রথম কিস্তির তিন হাজার ১৮৪কোটি ২৪ লাখ টাকা জমা দেয় চার অপারেটর।
দীর্ঘ ৯ মাস জটিলতার পর গত ৭ অগাস্ট ১৫ বছরের জন্য চারটি মোবাইল ফোন অপারেটর টু-জি লাইসেন্স নবায়ন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৯২৮ ঘ.
bdnews24