ঝালকাঠী, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানো লিমন হোসেনকে নতুন করে হয়রানিতে ফেলা হচ্ছে অভিযোগ করে তা বন্ধের দাবিতে ঝালকাঠীতে মানববন্ধন করেছেন দেশে মানবাধিকার আন্দোলনের সংগঠকরা।
অন্যদিকে র্যাবের বিরুদ্ধে মামলায় পুলিশের প্রতিবেদনে আপত্তি আদালতে জানিয়েছেন লিমনের মা হেনোয়ারা বেগম।
বৃহস্পতিবার সকালে ঝালকাঠী প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনে ঢাকার প্রতিনিধি দলের পাশাপাশি স্থানীয়রাও অংশ নেয়, যারা লিমনের ওপর ‘নিষ্ঠুরতা’ অবসানের দাবি জানান।
গত বছর পা হারানোর পর ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়ায় পৈত্রিক ভিটা ছেড়ে পাশের জেলা পিরোজপুরের কাউখালী উপজেলায় থাকছে লিমনের পরিবার।
তবে ঈদের দিন বাড়ি ফিরলে র্যাবের সোর্স ইব্রাহিম হাওলাদারের নেতৃত্বে লিমনের পরিবারের ওপর ‘হামলা’ হয়। এরপর ইব্রাহিম তার শ্যালক ফোরকান হাওলাদারের মৃত্যুর ঘটনায় লিমনের পরিবারের বিরুদ্ধে মামলা করেন।
মানববন্ধনে অংশ নেওয়ারা বলেন, লিমনকে হয়রানি করতেই র্যাবের ‘সোর্স’ নতুন করে এই মামলা করেছে।
‘সচেতন নাগরিক সমাজ ঝালকাঠীর’ ব্যানারে দেড় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি হামিদা হোসেন, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক রেহনুমা আহমেদ, নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবীর ছিলেন।
তারা বলেন, লিমনের অধিকার প্রতিষ্ঠার জন্য আইনি লড়াইসহ আন্দোলন চলবে।
লিমন, তার মা হেনোয়ারা বেগমও ছিলেন মানববন্ধনে।
মানববন্ধনের পর হেনোয়ারা বেগম র্যাবের বিরুদ্ধে মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে ঝালকাঠী জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ‘না রাজি’ আবেদন দেন।
কথিত বন্দুকযুদ্ধের পর র্যাব লিমনের বিরুদ্ধে দুটি মামলা করলে লিমনের মা হত্যাচেষ্টার অভিযোগ এনে পাল্টা একটি মামলা করেন। গত ১৪ অগাস্ট র্যাবকে নির্দোষ উল্লেখ করে রাজাপুর থানা পুলিশ এ মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়।
লিমনের মায়ের পক্ষে আইন ও সালিশ কেন্দ্রের নিয়োজিত আইনজীবী আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাকিম নুসরাত জাহান হেনোয়ারার আবেদনটি গ্রহণ করে আগামী ১৭ অক্টোবর শুনানির তারিখ রেখে মামলার নথি তলব করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৭২৫ ঘ.
bdnews24