সিলেট, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ বুধবার সিলেট নগরীতে একজনকে আটক করেছে র্যাব।
খাসদবির এলাকার একটি বাসা থেকে আটক জিয়াউল হক (২০) ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার আব্দুস সাত্তারের ছেলে।
তিনি স্থানীয় সোহেল আহমদ ও আজমল হোসেনের যৌথ অবৈধ ভিওআইপি ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করতেন।
র্যাব-৯ এর আপারেশন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসাইন সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে খাসদবির এলাকার মাহবুব ভবন থেকে প্রায় কোটি টাকা মূল্যের ছয়টি গেটওয়ে রিসিভার, ৪৮টি মোবাইল সিম উদ্ধার করা হয়।
“সোহেল ও আজমল দীর্ঘদিন ধরে এ অবৈধ ভিওআইপি সরঞ্জাম দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের পাওয়া না গেলেও কর্মচারী জিয়াউলকে আটক করা হয়,” বলেন তিনি।
এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫১ ঘ.
bdnews24