নরসিংদী, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে টিচার্স ট্রেনিং কলেজের এক অধ্যক্ষ নিহত হয়েছেন।
মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদে এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।
নিহত মো. জালাল উদ্দিন ভৈরব টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ছিলেন।
শিবপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নান্নু মিয়া বলেন, কলেজ থেকে মোটরসাইকেলে করে এক সঙ্গী নিয়ে নিজ বাড়ি নরসিংদীর শিবপুর যাচ্ছিলেন জালাল উদ্দিন।
মাহমুদাবাদে বিপরীতমুখী একটি সিএনজির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই জালাল উদ্দিন নিহত হন।
আহত হন মোটরসাইকেল আরোহী মইনুল ইসলাম, সিএনজিযাত্রী সিদু মিয়া, ফারুক মিয়া ও অজ্ঞাত পরিচয় একজন। তাদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় মইনুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৯ ঘ.
bdnews24