ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আমিনবাজারের বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকালে আমিনবাজারের বড়দেশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আমিনুল ইসলাম (৩২)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল পাঁচটার দিকে রাজা মিয়া নামে এক প্রতিবেশী আমিনুলকে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে আনলে চিকিৎসক জানান, আমিনুল মারা গেছেন।
রাজার উদ্ধৃতি দিয়ে এসআই বলেন, নিজ বাসায় মাদক খাওয়ার টাকা নিয়ে ঝগড়ার জের ধরে আমিনুলকে তার বড় ভাই আলমগীর ছুরি মারে।
আমিনুল মাদকাসক্ত ছিল বলে রাজা পুলিশকে জানায়।
চার ভাই এক বোনের মধ্যে রাজা চতুর্থ ছিলেন। তার বাবার নাম আবদুল গনি।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৭৪১ ঘ.
bdnews24