বান্দরবান, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান পৌরসভার হাফেজঘোনা এলাকায় তিনদিন ধরে বিদ্যুৎ নেই।
মঙ্গলবার দুপুরে এলাকাবাসী বিদ্যুৎ অফিসে গিয়ে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করে এবং অবিলম্বে বিদ্যুৎ চালুর দাবি জানিয়েছেন।
এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন ও কবির আহমদ বলেন, রোববার থেকে (২৬ অগাস্ট) থেকে হাফেজঘোনা এলাকায় বিদ্যুৎ নেই। ওইদিন ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এরপর বারবার বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও কোনো লাভ হয়নি।
তাই তারা বিক্ষোভ করেন বলে জানান।
এ ব্যাপারে বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীন বলেন, হাফেজঘোনা এলাকার ট্রান্সফরমারটি বিকল হয়ে গেছে। এটি ঠিক করতে কয়েকদিন সময় লাগবে। তবে জরুরিভাবে রাঙ্গামাটি থেকে একটি ট্রান্সফরমার এনে যত দ্রুত সম্ভব এখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩১ ঘ.
bdnews24