২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিচারক এ কে এম জহির আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 08:18 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অব্যাহতি চেয়েছেন বিচারক এ কে এম জহির আহমেদ। বিচারপতি মো. নিজামুল হক নেতৃত্বাধীন প্রথম ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্ব পালন করছিলেন তিনি। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন এই বিচারক। শারীরিক অসুস্থতাই এই সিদ্ধান্তের কারণ বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। ২০১০ সালের ২৫ মার্চ যুদ্ধাপরাধ বিচারে গঠিত তিন সদস্যের বিচারক প্যানেলে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ জহির আহমেদ। তখন বিচারপতি নিজামুল হক নেতৃত্বে গঠিত প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারপতি এটিএম ফজলে কবীর। চলতি বছর ২২ মার্চ এটিএম ফজলে কবীরের নেতৃত্বে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার জায়গায় বিচারপতি আনোয়ারুল হককে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এমআই/১৪১৫ ঘ.