ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পূর্ণাঙ্গ প্রামাণ্য জীবনী গ্রন্থ রচনার তাগিদ দিয়েছেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।
কবির ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে বাংলা একাডেমীতে এক আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান খান বলেন, “জাতীয় কবি নজরুলের কোনো প্রামাণ্য জীবনী গ্রন্থ অদ্যাবধি রচিত হয়নি। তার বিচিত্র জীবন ও বিপুল বৈশিষ্ট্যম-িত সৃষ্টির পুরোপুরি চিত্র আমরা এখনও পাইনি। রাজনীতি সচেতন এই কবি, বিদ্রোহীর একটি আদর্শ জীবনী প্রণীত হলে আমরা জানতে পারব কী অনন্য সৃষ্টিশীলতার খনি লুক্কায়িত ছিল নজরুলের মাঝে।”
অনুষ্ঠানে ‘নজরুল ইসলাম : একটি আদর্শ জীবনীর খোঁজে’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক-গবেষক গোলাম মুরশিদ।
তিনি বলেন, “নজরুলের জীবনী রচনার নামে বাংলাদশে বীরপূজা প্রচলিত হয়েছে। প্রকৃত জীবনী এর অনেক উর্ধ্বের বিষয়, যেখানে দোষ-গুণসহ রক্ত-মাংসের মানুষকে খুঁজে পাওয়া যায়।”
গোলাম মুরশিদ বলেন, নজরুলের জীবন যেমন ক্রমবিবর্তিত তেমনি তার জীবনী নির্মাণও একমাত্রিক হতে পারে না। নজরুলের জীবনের বাল্য ও কৈশোর প্রায় অজানা। মূলত তরুণ বয়স থেকে তার জীবনের কিছু তথ্য আমরা জানতে পারি।
কবির কর্মজীবনের ওপর আলোকপাত করতে গিয়ে তিনি উল্লেখ করেন, নজরুলের সংগীতে ইসলামী ও হিন্দু ঐতিহ্যের দ্বিমুখী ধারার যে সমন্বয় দেখা যায় তাকেও কোনো সূত্রে আবদ্ধ করা যায় না। ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার দাবি রাজনীতিকদের বহু আগে নজরুল ইসলামই প্রথম উচ্চারণ করে গেছেন।
সভাপতির ভাষণে জাতীয় অধ্যাপক মুস্তাফা নূর উল ইসলাম বলেন, “কিংবদন্তির আড়ালে কাজী নজরুল ইসলামের প্রকৃত পরিচয় ঢাকা পড়েছে। নজরুলের একটি আদর্শ জীবনী গ্রন্থ শুধু তাকে মূল্যায়নের জন্যই নয়, বাংলা সাহিত্যের পূর্ণ পরিচয় উদ্ঘাটনের জন্যও জরুরি।”
আলোচনা অনুষ্ঠানের পর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলের কবিতা আবৃত্তি করেন অধ্যাপক কাজী মদিনা এবং ড. শাহাদাৎ হোসেন নিপু।
নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী সাদিয়া আফরিন মলি¬ক, ড. ফকির শহিদুল ইসলাম, শেলু বড়–য়া প্রমুখ। যন্ত্রাণুষঙ্গে ছিলেন গৌতম মজুমদার, মো. হাসান আলী, আলমাস আলী, ফিরোজ খান এবং ইফতেখার হোসেন সোহেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএ/২৩১২ ঘ.
bdnews24