চট্টগ্রাম, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি বাদালিয়া এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
তারা হলো- বাদালিয়ার লাতু মিয়ার ছেলে মো. এহসান (৬) এবং আজগর মৌলভীর ছেলে মো. জোনাইদ (৫)।
সোমবার দুপুরে ওই এলাকার মসজিদের পাশের পুকুরে ডুবে তারা মারা যায় বলে স্থানীয়রা জানায়।
এহসান জলদি বাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও জোনাইদ স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
বাদালিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুল ছুটি শেষে বাড়িতে গিয়ে এহসান তার চাচাত ভাইকে নিয়ে ওই পুকুরের পাড় দিয়ে মাঠে ছাগল আনতে যাওয়ার পথে পানিতে পড়ে যায় জোনাইদ।
তাকে উদ্ধার করতে এহসানও পানিতে নামলে দুই শিশুই ডুবে যায় বলে তিনি জানান।
পরে দুজনকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে বলে প্রধান শিক্ষক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২২০৩ ঘ.
bdnews24