কামাল হোসেন তালুকদার
ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে যে কামালকে র্যাব আটক করেছে, ওই ব্যক্তি অপরাধী কামাল নয় দাবি করে তাকে গ্রহণ করেনি গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশ বলছে, র্যাব প্রকৃত কামালকে গ্রেপ্তার করেনি। যে কামালকে তারা গ্রেপ্তার করেছে, সে ব্যক্তি নারায়ণ হত্যাকাণ্ডে জড়িত নন।
ডা. নারায়ণ হত্যাকা-ের দুদিন পর শনিবার র্যাব কামালকে (২৯) গ্রেপ্তার করে বলেছিল, চিকিৎসক হত্যাকাণ্ডে সে জড়িত ছিল।
নারায়ণ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গোয়েন্দা পুলিশও চারজনকে গ্রেপ্তার করে। তারা জিজ্ঞাসাবাদে জানায়, ডাকাতিতে কামাল নামে একজন ছিল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিতাই হত্যার সঙ্গে জড়িত অভিযোগে কামাল নামে একজনকে গ্রেপ্তার করে রোববার রাতে র্যাব আমাদের কাছে দিয়ে যায়। পরে তদন্ত করে নিশ্চিত হওয়া গেছে, হত্যার ঘটনার সঙ্গে যে কামালের নাম শোনা যাচ্ছে, এই কামাল সেই কামাল নয়।”
ওই রাতেই কামালকে র্যাবের কাছে ফিরিয়ে দেওয়া হয় বলে এই গোয়েন্দা কর্মকর্তা জানান। পরে র্যাব ওই কামালকে বনানী থানায় তুলে দেয়।
বনানী থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাত ১২টার পর র্যাব কামাল নামে একজনকে দিয়ে যায়। সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়।”
র্যাবের হাতে গ্রেপ্তার কামালের বাসা নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিসর বাসার কাছেই। কামাল পেশাদার গ্রিলকাটা চোর বলে তখন দাবি করেছিলেন র্যাবের মুখপাত্র এম সোহায়েল।
কামালকে নিয়ে গোয়েন্দা পুলিশের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে এম সোহায়েল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিতাই হত্যা মামলার জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছিল। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা জানা গেলেও মূল তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ।
“গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরের পর তাদের তদন্তে কামালের সংশ্লিষ্টতার প্রমাণ নাও পাওয়া যেতে পারে। আমরা এই হত্যা মামলার তদন্তে সহায়তা করছি মাত্র,” বলেন তিনি।
বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজের বাড়িতে গত বৃহস্পতিবার ভোররাতে খুন হন ডা. নারায়ণ। গোয়েন্দা পুলিশ গত শুক্রবার পেদা মাসুদ (২৮), সাইদুল (৩৮), পিচ্চি কালাম (৩৫) ও ফয়সাল (৩২) নামে চারজনকে গ্রেপ্তার করে।
শনিবার ফয়সল পুলিশ হেফাজতে সাংবাদিকদের জানান, তাদের সঙ্গে কামাল এবং মিন্টু নামে একজন ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/২১৪৩ ঘ.
bdnews24