কুমিল্লা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় তিনটি স্থানে বৃদ্ধসহ তিন ব্যক্তি খুন হয়েছেন।
সোমবার সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।
এরা হলেন নগরীর শাসনগাছা মধ্যপাড়ার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে তোফায়েল (১৯), তিতাস উপজেলার প্রথম দশআনি গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. নয়ন মিয়া (২৪) এবং সদর দক্ষিণের জাঙ্গালিয়া গ্রামের মোক্তার হোসেন (৬২)।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক ফরিদউদ্দিন খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত চার যুবক তোফায়েল, শরীফ, জাকির ও সুজন একসঙ্গে শাসনগাছা এলাকার ছিনতাইকারী।
সোমবার দুপুরে ছিনতাই করা একটি মোবাইল ফোনের মেমোরি কার্ড ও সিম ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে এলাকার শাহজাহানের ছেলে সুজনের উপর্যুপরি ছুরিকাঘাতে তোফায়েল আহত হন।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিতাস থানার ওসি এ এস এম নুরুল আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে উপজেলার জগতপুর গ্রামের বিল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. নয়ন মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে জগতপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি নিঁেখাজ হন বলে পরিবারের সদস্যরা তাকে জানান।
সদর দক্ষিণ থানার ওসি জসিমউদ্দিন বলেন, নিঃসন্তান মোক্তার হোসেন স্ত্রী চলে যাওয়ায় একাকী বসবাস করতেন। সোমবার দুপুরে প্রতিবেশীরা তার ঘরে গিয়ে গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে।
তিনি বলেন, দুয়েকদিন আগে তিনি ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তোলেন। এ টাকা নেয়ার জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ভাইয়ের দুই ছেলে মোস্তাক ও মোরশেদকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৮ ঘ.
bdnews24