ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ছুটি শেষে খোলার পরও সচল না হওয়ার প্রেক্ষাপটে বুয়েট সিন্ডিকেটের জরুরি সভায় ডাকা হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক।
টানা ৪৪ দিন বন্ধের পর খোলার তৃতীয় দিন সোমবারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। শিক্ষক-শিক্ষার্থী কেউই যায়নি শ্রেণীকক্ষে।
এই পরিস্থিতিতে বিকাল ৫টায় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সিন্ডিকেট সভা ডেকেছিলেন উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম, যার পদত্যাগ দাবি করে আসছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি উপাচার্য। তবে উপ-উপাচার্য অধ্যাপক এম হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, “সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি।”
তবে সকালেও উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সিন্ডিকেটে সার্বিক নিয়ে আলোচনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আন্দোলনের কারণে শিক্ষকরা পাঠদানে অংশ না নেওয়ায় দেশে প্রকৌশল শিক্ষার সর্বোচ্চ এই প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অনিশ্চিত হয়ে পড়েছে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাও।
কবে, কীভাবে এই সঙ্কটের সমাধান হবে এবং কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেবে- জানতে চাইলে উপ-উপাচার্য শুধু বলেন, “আমরা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
এদিকে আন্দোলনরত বুয়েট শিক্ষক সমিতিও সোমবার বিকালে জরুরি সভা করেছে। সভায় তারাও সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানান সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুয়েট কর্তৃপক্ষ শিক্ষকদের বিরুদ্ধে নানা রকম হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
হয়রানিমূলক পদক্ষেপের নজির জানতে চাইলে অধ্যাপক আশরাফুল বলেন, ‘সত্য কথা বলার জন্য’ অধ্যাপক এস এম লুৎফুল কবিরকে ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন্সের পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক ড. মো. এহসান এবং শিল্প রসায়ন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে বুয়েটের নামে অপপ্রচারের অভিযোগে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানান।
ঈদের পর ক্যাম্পাস খোলার প্রথম দিন শনিবার ‘বুয়েট পরিবার’ ব্যানারে সরকারকে অচল করে দেওয়ার হুমকি দিয়ে লিফলেট বিলি করা হয়। এতে বলা হয়, ‘স্বৈরাচারী এ সরকারেরর আজ্ঞাবহ আদালতের নির্দেশে বঙ্গবন্ধু পরিষদের নেতা উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের আন্দোলন বন্ধ করতে আমরা বাধ্য নই’।
আশরাফুল বলেন, “এই ধরনের প্রচারপত্র ওই দুজন শিক্ষক বা সমিতির কেউই প্রচার করেনি। হয়রানি করতেই কর্তৃপক্ষ এসব নাটক সাজিয়েছে।”
“আমরা সরকারের বিপক্ষে নই। বুয়েটের এই অচলাবস্থা নিরসনে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে আশা করছি,” বলেন তিনি।
শিক্ষকদের মতো শিক্ষার্থীরাও প্রায় পাঁচ মাস ধরে অচল বুয়েটের সঙ্কট নিরসনে সরকারের পদক্ষেপ প্রত্যাশা করছেন।
বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী হাসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুয়েটে বর্তমানে যে সঙ্কট চলছে, তার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে যাব না।”
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপাচার্য নজরুল ইসলাম ও উপউপাচার্য হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবিতে গত ৭ এপ্রিল কর্মবিরতি শুরু করে বুয়েট শিক্ষক সমিতি।
প্রায় এক মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে তারা আন্দোলন সাময়িক স্থগিত করলেও দাবি পূরণ না হওয়ায় ১৪ জুলাই থেকে লাগাতার কর্মবিরতিতে যায়।
আন্দোলনের মুখে গত ১০ জুলাই বুয়েটে ছুটি ঘোষণা করেন উপাচার্য। এতে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা। বন্ধের মধ্যেই শিক্ষক-শিক্ষার্থীরা বেশ কিছুদিন কর্মসূচি চালিয়ে যান।
শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ১৪ অগাস্ট হাই কোর্ট এক আদেশে বুয়েটের ভর্তি কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি শিক্ষকদের আন্দোলন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা নিয়ে একটি রুলও দেয়।
শুরু থেকে এই আন্দোলন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে হলেও খোলার পর সমিতি কোনো কর্মসূচি ঘোষণা করেনি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক নেতা বলেছেন, আদালত অবমাননা এড়াতে তারা ব্যক্তিগতভাবে ক্লাসে যাওয়া থেকে বিরত থাকছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১৫ ঘ.
bdnews24