২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র‘মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়’

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে আদালতে ‘মিথ্যা’ সাক্ষ্য দিতে বাধ্য করা হয় বলে এবার সাক্ষ্যে বলেছেন সার্জেন্ট হেলাল উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 02:34 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘পরিস্থিতি’র কারণে এর আগে ১০ ট্রাক অস্ত্র মামলায় আদালতে ‘মিথ্যা’ সাক্ষ্য দিতে বাধ্য করা হয় বলে দাবি করেছেন সাক্ষী সার্জেন্ট হেলাল উদ্দিন। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে আসামি হাফিজুর রহমানের আইনজীবী মাহমুদুর রহমানের জেরার জবাবে এ দাবি করেন হেলাল। হেলাল বলেন, “২০০৬ সালের ২২ ও ২৩ মে পরিস্থিতিগত কারণে সাক্ষী হিসেবে আদালতে ডাণ্ডাবেড়ি পরিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল।” সোমবার দুপুর সাড়ে বারটার দিকে হেলালকে জেরা শুরু করেন এনএসআই’র সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনের আইনজীবী মোহাম্মদ আহসান। এরপর সোয়া ঘন্টার বিরতি শেষে বিকাল পাঁচটা ২০ মিনিট পর্যন্ত জেরা করেন আসামি হাফিজুর রহমানের আইনজীবী মাহমুদুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার। আদালত পুনরায় জেরার দিন ধার্য করেছে মঙ্গলবার। ওইদিনও সার্জেন্ট হেলালকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন। সার্জেন্ট হেলাল উদ্দিন ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র-গোলাবারুদ আটকের ঘটনায় করা মামলায় প্রথম দফায় ২০০৬ সালে সাক্ষ্য দিয়েছিলেন। ওইসময় তাকে নোয়াখালীর সুধারামপুর থানার একটি অস্ত্র মামলার আসামি করা হয়। গ্রেপ্তার অবস্থায় ডা-াবেড়ি পরিয়ে তাকে ১০ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষ্য দিতে আনা হয়। এ বছরের ২৯ জুলাই ও ৩০ জুলাই রাষ্ট্রপক্ষের ডাকে পুনরায় সাক্ষ্য দেন একই আদালতে। আইনজীবী মাহমুদুরের জেরায় হেলাল বলেন, সত্য সাক্ষ্য দিতে পুনরায় এসেছি। মাহমুদুর জানতে চান ২০০৬ সালে শপথ নিয়ে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন কি না। এর জবাবে হেলাল উদ্দিন বলেন, “শপথ পড়তে বলেছিল, পড়েছিলাম।” এর আগে কার নির্দেশে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন- আইনজীবীর এ প্রশ্নে হেলাল ‘মনে নেই’ বলে আদালতকে জানান। এদিকে, বাবরের আইনজীবী আব্দুস সোবাহান তরফদারের জেরা চলার সময় কালক্ষেপনের অভিযোগ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন। এসময় দুই পক্ষের মধ্যে কিছু সময় উত্তপ্ত বাক্যবিনিময় হলে বিচারক জেরা সংক্ষিপ্ত করার অনুরোধ করেন। এর আগে গত ৩০ জুলাই সার্জেন্ট হেলালের অংশিক জেরা হয়। সকালে কঠোর নিরাপত্তার মধ্যে ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ জনকে আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এইচএ/২০৩৩ ঘ.