২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলে ভর্তি নিয়ে রিটে বিভক্ত আদেশ

পুরনো পদ্ধতিতে মেডিকেলে ভর্তি প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে দায়ের করা আবেদনে বিভক্ত আদেশ দিয়েছে হাই কোর্টের একটি বেঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 08:12 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরনো পদ্ধতিতে মেডিকেলে ভর্তি প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে দায়ের করা আবেদনে বিভক্ত আদেশ দিয়েছে হাই কোর্টের একটি বেঞ্চ। ইউনুস আলী আকন্দ নামের এক আইনজীবীর দায়ের করা ওই আবেদনের শুনানি করে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী তা মঞ্জুর করেন। অন্যদিকে কনিষ্ঠ বিচারপতি মো. আশরাফুল কামাল তা খারিজ করে দেন। তবে একই বিষয়ে দায়ের করা আরেকটি রিট আবেদনে একটি রুল জারি করেছে হাই কোর্টের একই বেঞ্চ। জিপিএর ভিত্তিতে ভর্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে ওই রুলে। ইউনুস আলী বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “এখন আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি তৃতীয় বেঞ্চ গঠন করবেন। সেখানে আবেদনটির নিস্পত্তি হবে।” আগামী এক সপ্তাহের অবকাশের মধ্যেই তা হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। ইউনুস আলীর ওই আবেদনে বলা হয়, গত ৮ জুলাই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলেও এখনো মেডিকেলে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। কর্তৃপক্ষের অবৈধ সিদ্ধান্তের কারণে এই দেরি হচ্ছে। আবেদনকারী বলেন, গত ১২ অগাস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় মৌখিকভাবে ঘোষণা দিয়েছে যে, তারা এখন থেকে পরীক্ষার বদলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাওয়া জিপিএর ভিত্তিতে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করবে। কিন্তু এ জন্য কোনো সার্কুলার তারা জারি করেনি। তাদের এই ‘সিদ্ধান্তহীনতার’ কারণে মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে সেশন জটে পড়বে। গত ১২ অগাস্ট এক সভার পর স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানান, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির জন্য চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর প্রতিবাদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করে। ঈদের কারণে মাঝখানে বিরতি দিলেও সোমবার থেকে ফের কর্মসূচি শুরু করে ভর্তিচ্ছুরা। ড. ইউনুস আলী আকন্দ একটি রিট আবেদন করলে তার প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ গত ১৪ অগাস্ট একটি রুল জারি করে। পরীক্ষা পদ্ধতি বাতিল করে জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না,তা জানতে চাওয়া হয় ওই রুলে। স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়। রিটকারী আইনজীবীই পরীক্ষার মাধ্যমে শীক্ষার্থী ভর্তি চেয়ে হাইকোর্টে এই সম্পূরক আবেদনটি করেন। আবেদন তিনি বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০ এর ২৩ নম্বর চ্যাপ্টারের ১ ধারায় বলা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে ভর্তি পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ওই একমাস সময় ইতিমধ্যে চলে গিয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এখনো প্রক্রিয়াই শুরু করেনি, যা শিক্ষানীতির লঙ্ঘন। নতুন রুল জুনায়েদ রহমান ইয়াম নামে এক ভর্তিচ্ছুর বাবা ডা. এ কে মিজানুর রহমানের করা একটি নতুন রিটেও একই ধরনের রুল জারি করেছে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ। পরীক্ষা পদ্ধতি বাতিল করে জিপিএর ভিত্তিতে মেডিকেলে ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- এক সপ্তাহের মধ্যে তা জানাতে বলা হয়েছে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও মো. নজরুল ইসলাম রাজন। উভয় রিটে সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক টুটুল। ডেপুটি অ্যাটর্নি জেনারেল পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত জানিয়েছে, উভয় রুলের শুনানি একসঙ্গে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭২৫ ঘ.