ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচনে পরীক্ষা পদ্ধতি পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ওই স্মারকলিপি দেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যে শিক্ষার্থীরা সমাবেশ করে। সমাবেশ শেষে মিছিল করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার সময় শাহবাগ মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে কথা বলে সাত সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়।
ওই প্রতিনিধি দলের সদস্য অনন্যা বণিক বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। সেখান থেকে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে ওই নম্বরে ফোন করে আগে থেকে সাক্ষাতের সময় ঠিক করতে বলা হয়েছে।”
স্মারকলিপিতে জিপিএর ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত বাতিল করে পরীক্ষা পদ্ধতি পুনর্বহালের দাবির পক্ষে ১৪টি যুক্তি তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
স্মারকলিপি দেওয়ার পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টায় তারা প্রেস ক্লাবের সামনে সমবেত হবেন এবং ১০টা থেকে সেখানে মানববন্ধন করবেন।
এদিকে সকালে আটক করা আট শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম।
মেডিকেলের ভর্তি পদ্ধতি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীরা সকালে সমাবেশ করার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেয় এবং ওই আটজনকে আটক করে।
‘মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী মঞ্চ’ ব্যানারে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা ফের আন্দোলন শুরুর ঘোষণা দেয়। সে অনুযায়ী নাগরিক সমাবেশ করার জন্য সোমবার সকাল ৯টার দিকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে শুরু করে।
কিন্তু কর্মসূচি শুরুর আগেই পুলিশ এসে তাদের সেখান থেকে তুলে দেয়। এ সময় আটজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের বাধার মুখে শহীদ মিনার থেকে সরে গিয়ে আন্দোলনকারীরা সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে অবস্থান নেয়। কিন্তু কিছুক্ষণ পর পুলিশ সেখান থেকেও তাদের তুলে দেয়।
এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে ঢাকা মেডিকেলসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পরে তারা আবার একত্রিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ শুরু করে।
মেডিকেলে ভর্তিচ্ছু সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমরা বিশৃঙ্খলা করতে আসিনি। ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানাতে এসেছিলাম। কিন্তু পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে।”
শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, “রাষ্ট্র যদি আগে থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সময় মতো জানাত, তাহরে আর এই বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। তাছাড়া ভর্তি পদ্ধতি বাতিলের মতো একটি বিষয় অন্তত দুই বছর আগে শিক্ষার্থীদের জানানো প্রয়োজন। তাহলে তাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়।”
এতোদিন মেডিকেল ও ডেন্টালে ভর্তিতে পরীক্ষা হলেও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে জানান, এবার থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সে সময়ই ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, দিনাজপুর, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/জেকে/১৫৪৫ ঘ.
bdnews24