নারায়ণগঞ্জ, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সমাবেশ ও মিছিল করেছে।
রোববার বিকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে শেষে শহরে মিছিল বের হয়। পরে শহীদ মিনারে গণসংগীত ও নাটক প্রদর্শিত হয়।
কমিটির জেলা আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক দুলাল সাহা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টি নেতা হিমাংসু সাহা, গণসংহতি আন্দোলন নেতা তরিকুল সুজন প্রমুখ।
২০০৬ সালের ২৬ অগাস্ট কয়লা খনি প্রকল্প বাতিল এবং এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির মিছিল-সমাবেশে গুলি চালায় পুলিশ। এতে নিহত হন তিনজন।
ওই ঘটনার পর স্থানীয়দের আন্দোলনের চাপে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে চুক্তি করে পরিস্থিতি শান্ত করে। চুক্তিতে নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি উন্মুক্ত পদ্ধতিতে খনন না করার কথাও বলা হয়।
৬ দফা চুক্তির মধ্যে আরো ছিল- এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার, নিহতদের স্মরণে স্মৃতি সৌধ নির্মাণ, গুলিবর্ষণকারীদের শাস্তি দেওয়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার।
সমাবেশে বক্তারা ছয় দফা বাস্তবায়নের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২৬ ঘ.
bdnews24