২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আদালত থেকে আবার আসামির পলায়ন

১৮ দিনের মাথায় চট্টগ্রাম আদালত ভবন এলাকায় পুলিশ হেফাজত থেকে পালিয়েছে আরেক আসামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

চট্টগ্রাম, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮ দিনের মাথায় চট্টগ্রাম আদালত ভবন এলাকায় পুলিশ হেফাজত থেকে পালিয়েছে আরেক আসামি। রোববার পলায়নকারী ব্যক্তি সিএনজি অটোরিকশা চুরি মামলার আসামি। তার নাম আবু ইউসুফ। বেলা ৩টার দিকে চট্টগ্রাম আদালত ভবনে হাটহাজারী থানা পুলিশের হেফাজত থেকে ইউসুফ (২৯) পালিয়ে যান। হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটোরিকশা চুরির মামলায় গ্রেপ্তার ইউসুফসহ ছয় আসামিকে সংশ্লিষ্ট জিআরও’র কাছে নিয়ে যাওয়ার পর ইউসুফকে পাওয়া যায়নি। “আদালতের নিবন্ধক শাখায় নেওয়ার কোনো এক সময়ে সে কৌশলে পালিয়ে গেছে বলে ধারণা করছি,” বলেন তিনি। ইউসুফকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। পাশাপাশি তার পালিয়ে যাওয়ার ক্ষেত্রে কারো গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। এর আগে গত ৮ অগাস্ট চট্টগ্রাম আদালত ভবন এলাকা থেকে অস্ত্র মামলার এক আসামি পালিয়ে যায়। দুদিন পর অবশ্য ওই আসামি ফের ধরা পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০০০ ঘ.