২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপীয় কমিশনকে নিরাশ করলেন খাদ্যমন্ত্রী

কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে তিনটি এনজিওকে কাজ করতে দিতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাককে অনুরোধ জানিয়েও নিরাশ হতে হয়েছে ইউরোপীয় কমিশনের প্রতিনিধি দলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 01:28 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে তিনটি এনজিওকে কাজ করতে দিতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাককে অনুরোধ জানিয়েও নিরাশ হতে হয়েছে ইউরোপীয় কমিশনের প্রতিনিধি দলকে। মন্ত্রী তাদের বলেছেন, ওই এনজিওগুলো সেখানে কাজের নামে বিদেশে ভুল তথ্য তুলে ধরছে। রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিষিদ্ধ তিনটি বেসরকারি সংস্থাকে (এনজিও) কাজ করতে দেওয়ার আহ্বান নিয়ে রোববার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করে ইউরোপীয় কমিশনের মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধি দলটি। ঢাকায় ইউরোপীয় কমিশনের শার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড্রু বার্নার্ডের নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন মানবিক সহায়তা সংস্থার ‘এইড ও সিভিল প্রোটেকশন’ শাখার পরিচালক এস্কো কেনট্রাশিনস্কি এবং ঢাকায় সংস্থাটির দপ্তরের কারিগরি বিশেষজ্ঞ অলিভার ব্রাউন্ট। তারা নিষিদ্ধ তিনটি এনজিওকে কার্যক্রম চালানোর অনুমতি দেওয়ার সুপারিশ জানিয়ে বলেন, তা না হলে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটানো ব্যাহত হবে। ডক্টরস উইদাউট বর্ডার্স, অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার ও মুসলিম এইড ইউ- এই তিনটি এনজিওকে সম্ú্রতি রোহিঙ্গাদের মধ্যে কাজ করতে নিষেধ করে সরকার। গত জুন মাসে মিয়ানমারের রাখাইন প্রদেশে দাঙ্গার পর নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকতে চাওয়ার সময় ওই তিনটি সংস্থাকে কাজ করতে নিষেধ করা হয়। বাংলাদেশে ঢুকতে চাওয়া রোহিঙ্গাদের খাবার ও ওষুধ দিলেও আশ্রয় দেওয়া হয়নি, যার সমালোচনা করে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। রাজ্জাক সাংবাদিকদের বলেন, “১৯৯১ সাল থেকে রোহিঙ্গারা আমাদের দেশে রয়েছে। আমরা জনবহুল দেশ হওয়া সত্ত্বেও রোহিঙ্গাদের সহায়তা দিয়ে যাচ্ছি। কিন্তু এই এনজিওগুলো সেখানে কাজের নামে বিদেশে ভুল তথ্য তুলে ধরছে।” রোহিঙ্গাদের নিয়ে ইউরোপীয় কমিশনের উদ্বেগ প্রকাশের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের নিজস্ব সমস্যা বলে ইইউ প্রতিনিধিকে জানিয়েছি। তাদের বলেছি, আমরা লিবিয়ার ঘটনার পর আমাদের সব নাগরিককে নিজ খরচে দেশে ফিরিয়ে এনেছি। “তাদেরও (মিয়ানমার) উচিৎ তাদের সব নাগরিককে ফিরিয়ে নিয়ে যাওয়া। না হলে যারা রোহিঙ্গাদের এদেশে আশ্রয়ের ব্যবস্থা করেছে, তাদেরই উচিৎ নিজ দেশে এদের আশ্রয়ের ব্যবস্থা করা,” বলেন মন্ত্রী। তিনি জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় চার লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এর মধ্যে নিবন্ধিত হয়ে ক্যাম্পে বাস করে মাত্র ৩৫ হাজার। তাদের তদারকি করে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও ইউরোপিয় ইউনিয়নসহ কিছু বেসরকারি সংস্থা (এনজিও)। “বাকি সব রোহিঙ্গা ও বাংলাদেশের ১৫ কোটির বেশি মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা বাংলাদেশ সরকারই মেটায়। সরকারের পক্ষে বাকি ৩৫ হাজার রোহিঙ্গার খাদ্য ও পুষ্টি কার্যক্রমের তদারকি করাও সম্ভব,” বলেন রাজ্জাক। ইউরোপীয় কমিশনের প্রতিনিধি দল জানিয়েছে, রোহিঙ্গা সমস্যা নিয়ে তারা মিয়ানমার সরকারের সঙ্গে কথা বলেছেন। রাখাইন প্রদেশে কাজও করতে চেয়েছেন। কিন্তু মিয়ানমার সরকার তাতে সায় দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯২৪ ঘ.