নারায়ণগঞ্জ, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর থেকে গত ৫ মাস আগে দুই বছরের এক শিশুকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ আদায়কারী সাইফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুল ওই এলাকার করম আলীর ছেলে।
রোববার দুপুরে শহরের চাঁদমারীতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (ক) অঞ্চল (এএসপি) গোলাম আজাদ জানান, বন্দর উপজেলার মদনপুরের চাঁন বাদশার বাড়িতে গত ৫/৬ মাস আগে বিল্লাল ও সুরমা স্বামী-স্ত্রী হিসেবে বাড়ি ভাড়া নেয়।
পরবর্তীতে বিল্লাল তার খালাতো ভাই পরিচয় করিয়ে দিয়ে অপহরণকারী সাইফুল ও তার কথিত জাহানারাকে ভাড়াটিয়া হিসেবে রাখে।
পরে বিল্লাল ও তার স্ত্রী বাসা ছেড়ে চলে যাওয়ার পর গত ২৭ এপ্রিল চাঁন বাদশার দুই বছরের শিশু চাঁদনীকে অপহরণ করে তারা।
অপহরণের একদিন পর সাইফুলের মোবাইল ফোন থেকে মুক্তিপণ দাবি করে। পরে এক লাখ টাকা মুক্তিপণ দিয়ে ঢাকার মিডফোর্ড হাসপাতাল থেকে চাঁদনীকে উদ্ধার করা হয়।
মোবাইল ফোনে টাকার পাঠানোর ব্যবস্থা বিকাশের সূত্র ধরে অপহরণকারী সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৪৭ঘ.
bdnews24