চট্টগ্রাম, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সার্জেন্ট হেলাল উদ্দিনের অসমাপ্ত জেরা আবার শুরু করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।
সোমবার বেলা সাড়ে ১২টা থেকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা শুরু করেন।
এর আগে গত ৩১ জুলাই আসামিপক্ষের কয়েকজন আইনজীবী তাকে জেরা করেছিলেন। ওইদিন জেরা অসমাপ্ত রেখে সোমবার নতুন তারিখ রাখে আদালত।
গত ৩০ জুলাই সার্জেন্ট হেলাল উদ্দিন সাক্ষী হিসেবে তার জবানবন্দি দেন।
সাক্ষ্যে হেলাল বলেন, ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে দশ ট্রাক সমপিরামাণ অস্ত্র খালাসের সময় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতার পরিচয়ে এনএসআইর সাবেক কর্মকর্তা লিয়াকত হোসেন সিইউএফএল জেটিঘাটে হাজির ছিলেন।
এছাড়া ঘটনাস্থল থেকে আটক পাঁচ ব্যক্তিকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের নির্দেশে ছেড়ে দেওয়া হয় বলেও জানান হেলাল।
তিনি নিজে সে সময় ঘটনাস্থল সংলগ্ন কয়লার ডিপো পুলিশ ফাঁড়ির সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১০ জনকে আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/জেকে/১৬৫৪ ঘ.
bdnews24