২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরব আমিরাতের ভিসা বন্ধের খবর সঠিক নয়: মন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা দেওয়া বন্ধের অভিযোগ সঠিক নয় দাবি করে প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভিসা দেওয়া হচ্ছে ‘সীমিত আকারে’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা দেওয়া বন্ধের অভিযোগ সঠিক নয় দাবি করে প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভিসা দেওয়া হচ্ছে ‘সীমিত আকারে’। রোববার মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, “আরব আমিরাত বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা ইস্যু করছে না- এমন খবর আমরা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। আমাদের এখনো তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমরা সেখানে নিয়মিত খোঁজখবর রাখছি।” মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে সরকারের কূটনৈতিক সম্পর্ক যথেষ্ট ভাল বলেও তিনি দাবি করেন। মন্ত্রী বলেন, “তারা ভিসা ইস্যু করছে না- তা একেবারে ঠিক নয়। তারা সীমিত আকারে ভিসা ইস্যু করছে। মহিলা কর্মীদের জন্য তারা কালও ভিসা দিয়েছে। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার নেতারা গত কয়েকদিন ধরে অভিযোগ করছেন, ইউএই বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে। তারা কোনো ভিসা নবায়নও করছে না। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে এ বিষয়টি নিয়ে নিজের দপ্তরে প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন নাহারের সঙ্গে বৈঠক করেন খন্দকার মোশাররফ হোসেন। বায়রার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আরব আমিরাতে বর্তমানে প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী রয়েছে। এ অবস্থায় তারা লোক নেওয়া কমিয়ে দিয়েছে। সেখানে থাকা কর্মীদের কোনো সমস্যা বা কোনো অবৈধ কর্মী থাকলে, তাদের বৈধ করার প্রয়োজন রয়েছে কিনা- তা খতিয়ে দেখছে। সাধারণ ক্ষমার আওতায় তাদের বৈধ করার পর হয়তো তারা ব্যাপকভাবে কর্মী নেওয়া শুরু করবে।” রোহিঙ্গা শরণার্থী ‘ইস্যুতে’ আরব আমিরাত লোক নেওয়া কমিয়ে দিয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, “এ ইস্যুতে কোনো দেশ কোনো কথা এখনো বলেনি। তারা এটাও বলেনি যে রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে। তাদের রাখতেও বলেনি কেউ।” শুধু বাংলাদেশ নয়, ইথিওপিয়া, ইরান, মিশন ও ফিলিস্তিন থেকেও আরব আমিরাত কর্মী নেওয়া কমিয়ে দিয়েছে বলে তিনি জানান। ইতালিতে অভিবাসনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, সেখানে সাধারণ ক্ষমার আওতায় বিদেশিদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে- এমন খবর ছড়িয়ে বাংলাদেশে কিছু লোক অবৈধ পথে আরো লোক পাঠানোর চেষ্টা করছে। তারা মানুষকে প্রতারিত করে অর্থ নেওয়ার চেষ্টায় লিপ্ত। সাধারণ ক্ষমার কোনো ঘোষণা ইতালি সরকার দেয়নি বলেও মন্ত্রী জানান। “তাই এ সুযোগ নিতে অবৈধভাবে সেখানে যাওয়ারও সুযোগ নেই। একটি অসাধু চক্র এ চেষ্টা চালাচ্ছে। তাদের হাতে টাকা দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতি”, বলেন মন্ত্রী। মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খোলা প্রসঙ্গে খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারা লোক নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দেশটির মানবসম্পদমন্ত্রী সেপ্টেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে আসবেন। এর আগে তাদের কারিগরি মিশনের একটি দল এসে ঘুরে গেছে। সব ঠিক থাকলে মালয়েশীয় প্রতিনিধি দলের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হবে বলে মন্ত্রী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৪৩৫ ঘ.