রাজবাড়ী, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী যুবদলের সাবেক সভাপতি এস এম শামসুল আলম বাবলু হত্যা মামলায় পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চুসহ সাত জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে নিহতের ছোট ভাই শহীদুল ইসলাম রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন। এ মামলার অন্য আসামিদের নাম জানায়নি পুলিশ।
গত বৃহস্পতিবার মাঝ রাতে বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বিনোদপুর গ্রামে বাবলুকে এলোপাথাড়ি গুলি করে হত্যা করে কয়েকজন দুর্বৃত্ত।
নিহত বাবলু ঠিকাদারী ব্যবসাও করতেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই ওয়াদুদ আলম জানান, বাবলু হত্যাকা-ের পরপরই আরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি কিছু তথ্য দিয়েছেন।
তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।
এজাহারভুক্ত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৪১৫ ঘ.
bdnews24