নারায়ণগঞ্জ, অগাস্ট ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একের পর এক খুনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে এলাকাবাসী।
তারা এজন্য স্থানীয় পুলিশ প্রশাসনের ‘উদাসীনতাকে’ দায়ী করে প্রয়োজনে বিক্ষোভ মিছিল ও সিদ্ধিরগঞ্জ থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছে।
শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক সভায় এলাকার লোকজন এই ঘোষণা দেয়।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। আরো ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম, মহিলা কাউন্সিলর মাকসুদা মোজাফফর, মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল খালেক, আবুল কালাম আজাদ, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম জুয়েল, শ্রমিকলীগ নেতা আব্দুস সামাদ বেপারী, জাসদ নেতা এস এম মাসুদ রানা, অহিদুল হক, আহসান উল্লাহ, এস এম সাদেক আলী মিলন প্রমুখ।
সভায় বক্তারা সিদ্ধিরগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, সিদ্ধিরগঞ্জে গত কয়েকদিনে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকা- বাড়ছে।
কিন্তু আইনশৃৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে পুলিশ প্রশাসন উদাসীন। উল্টো সিদ্ধিরগঞ্জ থানার কতিপয় পুলিশ কর্মকর্তা ‘গ্রেপ্তার বাণিজ্য’ করে যাচ্ছেন বলে তারা অভিযোগ করেন।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকায় কমিউনিটি পুলিশিং বিষয়ে সভা হয়েছে। এতে খুনসহ এলাকার আইশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
থানা ঘেরাওয়ের বিষয়ে ওই সভায় কেউ কোনো কথা বলেনি বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৩০ ঘ.
bdnews24