বেনাপোল, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে ‘পাচারের’ সময় শনিবার বেনাপোল বন্দর থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
এ সময় পাচারকারী সন্দেহে নান্টু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। নান্টুর বাড়ি বরিশাল নগরীতে।
উদ্ধার শিশুরা হল পাবনার মজনের আলীর ছেলে রবিউল (৯), বরিশালের মোহাম্মাদ হিমুর ছেলে রবিন (১০) ও ঝালকাঠির সুলতান আহম্মেদের ছেলে রবিউল (১০)। তাদের বেনাপোল বন্দর থানা হফাজতে রাখা হয়েছে।
বেনাপোল বন্দর থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রপ্তানি পণ্য বহনকারী একটি ট্রাকে করে এই শিশুদের ভারতে পাচার করা হচ্ছিল।
ওই ট্রাকের চালকের কাছে খবর পেয়ে পুলিশ চেকপোস্ট এলাকায় তাদের উদ্ধার করে। একই ট্রাক থেকেই নান্টুকে আটক করা হয়।
এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি হাসান হাফিজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২০১৬ ঘ.
bdnews24