২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সন্দেহে আটক ১১৭, পরে মুক্ত

টেকনাফে শনিবার রোহিঙ্গা সন্দেহে আটক ১১৭ ব্যক্তিকে এক ইউপি চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দিয়েছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

কক্সবাজার, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফে শনিবার রোহিঙ্গা সন্দেহে আটক ১১৭ ব্যক্তিকে এক ইউপি চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দিয়েছে বিজিবি। এরা সবাই টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে নিশ্চিত করেন ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর কাশেম। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজারের ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেলিফোনে অজ্ঞাত এক ব্যক্তি বিজিবিকে জানায় দু’টি বাসে কিছু রোহিঙ্গা কক্সবাজারের দিকে যাচ্ছে। এই খবর পেয়ে ওই ব্যক্তিদের আটক করা হয়। তিনি জানান, আটকদের মধ্যে ৪৬ জনের বাংলাদেশি পরিচয়পত্র পাওয়া গেলেও অন্যদের পরিচয়পত্র ছিল না। তবে তাদের দাবি, তারা সবাই হ্নীলা ইউনিয়নের বাসিন্দা। কাজের সন্ধানে চট্টগ্রাম ও কক্সবাজারের চকরিয়ার দিকে যাচ্ছিলেন। পরে খবর পেয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর কাশেম মরিচ্যা যৌথ তল্লাশি চৌকিতে এসে আটক সবার পরিচয় নিশ্চিত করেন এবং আইডি কার্ডবিহীন ব্যক্তিদের নিজের জিম্মায় ছাড়িয়ে নেন। চেয়ারম্যান মীর কাশেম বলেন, ভুল তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছিল। পরিচয় নিশ্চিত করে তাদের ছাড়িয়ে আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৪ ঘ.