২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর নামফলক ভাঙার ঘটনায় প্রকৌশলীর বিরুদ্ধে জিডি

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্টে নির্মাণাধীন শহীদ শেখ রাসেল শিশু পার্কের ভিত্তিপ্রস্তরে খোদাই প্রধানমন্ত্রীর নামফলক ভাঙার ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের দুই নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

সিরাজগঞ্জ, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্টে নির্মাণাধীন শহীদ শেখ রাসেল শিশু পার্কের ভিত্তিপ্রস্তরে খোদাই প্রধানমন্ত্রীর নামফলক ভাঙার ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের দুই নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিরাজগঞ্জ শাখার সভাপতি ফজল-এ-খোদা লিটন বাদি হয়ে বৃহস্পতিবার সদর থানায় এই সাধারণ ডায়েরি করেন। অভিযুক্তরা হলেন- সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা এবং পাউবো বিশেষায়িত শাখার (বিআরই) নির্বাহী প্রকৌশলী সাজিদুর রহমান। ১৯৯৯ সালের শেষ দিকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই স্থানে পার্কেও ভিত্তিস্থাপন করেন। এরপর ওই স্থানটিতে সিরাজগঞ্জ পৌরসভার অর্থায়নে সীমানা প্রাচীর ও ফটক নির্মাণ করা হয়। জায়গা বরাদ্দে পাউবো র্কর্তৃপক্ষ গড়িমসি করায় প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি পৌরসভা কর্তৃপক্ষ আবারো পার্ক নির্মাণের উদ্যোগ নিলেও পাউবোর অসহযোগতিার কারণে প্রকল্পের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। জায়গা বরাদ্দ পেতে পাউবো ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালি চলতে থাকে। ঈদের পর থেকে পাউবো কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর নাম ফলক ভেঙে সেখান সিসি ব্লক তৈরির কাজ শুরু করেছে বলে সাধারণ ডায়েরিতে অভিযোগ করেন ফজল-এ-খোদা লিটন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে পাউবোর দুই নির্বাহী প্রকৌশলী যোগসাজশ করে ওই জায়গাটি পার্কের নামে বরাদ্দ না করে এর বিরোধিতা করে আসছিল। এ অবস্থায় রাতের আঁধারে তারা প্রধানমন্ত্রীর নামফলক ভেঙে ফেলে শুধু প্রধানমন্ত্রীকেই অপমান করেননি সিরাজগঞ্জবাসীর সঙ্গেও প্রতারণা করেছেন।” এ বিষয়ে জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও ফজল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/২০০৪ ঘ.