২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার পরিস্থিতি প্রধানমন্ত্রীকে জানালেন রাষ্ট্রদূত

মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতার ঘটনা তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন সেদেশের রাষ্ট্রদূত উ মাইও মিন্ত থান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 09:55 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতার ঘটনা তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন সেদেশের রাষ্ট্রদূত উ মাইও মিন্ত থান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, মিয়ানমারের রাষ্ট্রদূত বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। মিয়ানমারের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বলেন, রাখাইন ও রোহিঙ্গাদের মধ্যে উত্তেজনাকর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা এখন সম্পূর্ণ শান্ত। মিয়ানমার সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করেছে। সেখানকার পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে আছে। পুরো বিষয়টি তদন্তের জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের বিষয়টি উল্লেখ করে মিয়ানমার রাষ্ট্রদূত জানান, ওই তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করবে এবং জাতীয় স্বার্থে সুপারিশ পেশ করবে। মিয়ানমার বাংলাদেশ থেকে সে দেশের শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার কাজ শিগগিরই শুরু করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। বৈঠকে দুদেশের স্বার্থ-সংশিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অন্যদের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৫৪২ ঘ.