২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগাস্ট বিক্ষোভ ‘আমি লজ্জিত, সংসদ পদক্ষেপ নেয়নি’

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সেনা নির্যাতনের ঘটনায় সংসদীয় উপ কমিটির করা সুপারিশগুলোর বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির প্রধান সাংসদ রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 09:30 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সেনা নির্যাতনের ঘটনায় সংসদীয় উপ কমিটির করা সুপারিশগুলোর বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির প্রধান সাংসদ রাশেদ খান মেনন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, তদন্ত প্রতিবেদন সংসদে পেশ করার পর স্পিকার কথা দিয়েছিলেন বিষয়টি আলোচনায় আসবে। কিন্তু এক বছরেও সুপারিশগুলো আলোচনায় আনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাশেদ খান মেনন বলেন, “আমি লজ্জিত, এ ধরনের ঘটনা ভবিষ্যতে এড়ানোর জন্য যে সুপারিশগুলো করেছিলাম- সেগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ পার্লামেন্ট নিতে পারেনি।” জিমনেসিয়ামে কয়েকজন ছাত্রের সঙ্গে সৈন্যদের তর্কাতর্কির জের ধরে ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ব্যাপক নির্যাতন চালায় পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষকসহ বহু ছাত্রকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন মামলায় তাদের আসামি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অসন্তোষের প্রকাশ ঘটে সারাদেশে ছাত্রবিক্ষোভের মাধ্যমে। ফলে পিছু হটে শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি দিতে বাধ্য হয় সরকার। নির্যাতনের সেই ঘটনার স্মরণে প্রতিবছর ২৩ অগাস্ট কালো দিবস হিসাবে পালন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর ওই ঘটনার তদন্তে রাশেদ খান মেননকে আহ্বায়ক করে চার সদস্যের একটি উপকমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। চলতি বছর ৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে উপস্থাপিত কমিটির ৩৮৩ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংস ঘটনায় ছাত্র/শিক্ষকদের ওপর যে অমানবিক নির্বাতন করা হয়েছে তার জন্য সরকার পরিচালনার দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সেনাপ্রধান মইন উ আহমেদ দায়ী বলে কমিটি মনে করে। এ ধরনের ‘অনভিপ্রেত’ ঘটনা বন্ধে মেনন নেতৃত্বাধীন কমিটি মোট ১৩টি সুপারিশ করে, যার মধ্যে ফখরুদ্দীন-মইনসহ সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার দায়িত্বে থাকা মেজর জেনারেল এ টি এম আমিন, ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারী, কর্নেল শামসুল আলমসহ সংশ্লিষ্টদের বিচার করার কথা বলা হয়। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষকবৃন্দ’ ব্যানারে আয়োজিত সামাবেশে মেনন দুঃখ প্রকাশ করে বলেন, “এই ধরনের ঘটনা শুধু স্মৃতির খাতায় রাখলে হবে না, জড়িতদেও শাস্তি নিশ্চিত করতে হবে।” ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং নির্যাতিত শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের ‘ভুল’ তারা যেন ভবিষ্যতে আর না করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার ও বিরোধীদলের দূরত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আরেক নির্যাতিত শিক্ষক সাবেক উপ উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। তিনি বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে যে গুরুত্বপূর্ণ ‘ইস্যু’ রয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান না করতে পারলে ভবিষ্যতে সাধারণ জনগণকে মাশুল দিতে হবে। বিক্ষোভের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামি ছাত্র ইউনিয়নের তখনকার সভাপতি মানবেন্দ্র দেব বলেন, যতবার এমন ঘটনা ঘটবে ততবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ তার প্রতিবাদ করবে। অধ্যাপক মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসির মামুন, অধ্যাপক মেজবাহ কামাল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন ও অধ্যাপক কাবেরী গায়েন বক্তব্য রাখেন। এছাড়া ছাত্র নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সামসুুল কবির রাহাত। কালো দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন ছাত্র সংগঠন বৃহস্পতিবার ক্যম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৫২৫ ঘ.