ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের মতো পরীক্ষার মাধ্যমে এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি আবেদন করা হয়েছে।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং মো. আশরাফুল কামালের অবকাশকালীন বেঞ্চে বৃহস্পতিবার আবেদনটি উপস্থাপন করেন ইউনুস আলী আকন্দ নামের এক আইনজীবী।
ইউনুস আলী বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “আগামী রোববার আবেদনটি কার্যতালিকায় আসবে এবং এর ওপর শুনানি হবে।”
আবেদনে বলা হয়, “গত ৮ জুলাই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলেও এখনো মেডিকেলে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। কর্তৃপক্ষের অবৈধ সিদ্ধান্তের কারণে এই দেরি হচ্ছে।”
আবেদনকারী বলেন, গত ১২ অগাস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় মৌখিকভাবে ঘোষণা দিয়েছে যে, তারা এখন থেকে পরীক্ষার পরিবর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাওয়া জিপিএর ভিত্তিতে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করবে। কিন্তু এ জন্য কোনো সার্কুলার তারা জারি করেনি। তাদের এই ‘সিদ্ধান্তহীনতার’ কারণে মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে সেশন জটে পড়বে।
গত ১২ অগাস্ট এক সভার পর স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানান, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির জন্য চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আবেদনের জন্য দুই পরীক্ষা মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকার শর্তের কথা জানান তিনি।
এর প্রতিবাদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করে। ঈদের পরে তারা আবার আন্দোলন করার আগাম ঘোষণাও দিয়ে রেখেছে।
এই প্রেক্ষপটে ড. ইউনুস আলী আকন্দ একটি রিট আবেদন করতে তার প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ গত ১৪ অগাস্ট একটি রুল জারি করে।
পরীক্ষা পদ্ধতি বাতিল করে জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না,তা জানতে চাওয়া হয় ওই রুলে।
স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়।
রিটকারী আইনজীবীই পরীক্ষার মাধ্যমে শীক্ষার্থী ভর্তি চেয়ে হাইকোর্টে এই সম্পূরক আবেদনটি করেছেন।
আবেদন তিনি বলেছেন, জাতীয় শিক্ষানীতি ২০১০ এর ২৩ নম্বর চ্যাপ্টারের ১ ধারায় বলা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে ভর্তি পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ওই একমাস সময় ইতিমধ্যে চয়ে গিয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এখনো প্রক্রিয়াই শুরু করেনি, যা শিক্ষানীতির লঙ্ঘন।
ইউনুস আলী আকন্দ বলেন, “স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যেহেতু বিষয়টি আদালতে গেছে, তাই রায়ের পরে আমরা একশনে যাব। রায় হতেতো এক বছর লেগে যাবে। আরো একটি সেশন চলে আসবে। সে পর্যন্ত অপেক্ষা করলে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে যাবে। নিয়মিত বেঞ্চে শুনানির জন্যও অপেক্ষার করা উচিত নয়। কারণ কোর্ট খুলবে অনেক পরে। এ জন্য সম্পূরক এই আবেদনের দ্রুত শুনানি প্রয়োজন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১২৫০ ঘ.
bdnews24