পাবনা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়া উপজেলায় বুধবার দু’দলের সংঘর্ষে এক যুবক নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে।
নিহত মির্জা ইদান (৩০) উপজেলার জয়নগর গ্রামের মির্জা বাশারের ছেলে।
আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বেড়া থানার ওসি আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে কৈটলা গ্রামের মির্জা পরিবার এবং সরদার গ্র“পের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে দুপুর ১২টার দিকে কৈটলা বাজারে মির্জা ইদানের সঙ্গে গ্রামের জুলহাসের কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতি হয়। এ সময় দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ইদান ঘটনাস্থলেই নিহত হন।
ওসি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩০ ঘ.
bdnews24