২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটওভারব্রিজ দখলমুক্ত করতে উদ্যোগ

ঢাকা মহানগরীর ফুটওভারব্রিজ এবং আন্ডারপাসগুলো থেকে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড অপসারণের পাশাপাশি হকার উচ্ছেদ করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর ফুটওভারব্রিজ এবং আন্ডারপাসগুলো থেকে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড অপসারণের পাশাপাশি হকার উচ্ছেদ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। নগরবাসীর নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ পদক্ষেপ নিয়েছে। মন্ত্রণালয় থেকে বুধবার ঢাকার দুই সিটি কর্পোরেশনের সব ফুটওভারব্রিজ থেকে ব্যানার, পোস্টার, ফেস্টুন সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বুধবার নিজ দপ্তরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা এ নির্দেশনা পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন বলে আমাকে জানিয়েছেন।” প্রতিমন্ত্রী বলেন, ফুটওভারব্রিজে চলার পথের দুপাশে হকাররা দোকান বসানোয় মাঝ দিয়ে কোনোমতে পথচারীরা চলেন। তারা এ সময় নিগৃহীতও হয়। এছাড়া বিলবোর্ড ও ব্যানার-ফেস্টুনের কারণে বাইরে থেকে দেখা না যাওয়ায় এসব ফুটওভারব্রিজে ছিনতাইকারী ও পকেটমারের দৌরাত্ম থাকে। স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকার দুই সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজধানীতে ৫২টি ফুটওভারব্রিজ আছে। এ ছাড়া আরো ৮টি নির্মাণাধীন আছে। বর্তমানে ঢাকায় আন্ডারপাস আছে তিনটি। যার মধ্যে শুধু কারওয়ানবাজারের আন্ডারপাসটি পথচারী পারাপারে ব্যবহার হয়। গুলিস্তান এবং গাবতলীর আন্ডারপাস বর্তমানে হকার এবং দোকানদারদের দখলে। নগরের অনেক ফুটওভারব্রিজের দু’পাশ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার দিয়ে ঢাকা থাকায় এগুলো ছিনতাইকারী ও যৌনকর্মীদের অভয়ারণ্য হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। ফুটওভারব্রিজগুলো থেকে ব্যানার ও বিলবোর্ড সরাতে আগেও কয়েক দফা উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তা পুরোপুরি সফল হয়নি। জাহাঙ্গীর কবির নানক দাবি করেন, এবার কঠোরভাবে এটি নিয়ন্ত্রণ করা হবে। এজন্য দুই সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা বুধবার থেকেই উচ্ছেদ কার্যক্রম শুরু করবে। পুরো কার্যক্রম মন্ত্রণালয় থেকে তদারকি করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৯১১ ঘ.