চট্টগ্রাম, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বৃষ্টি উপেক্ষা করেই ঈদ উৎসবে মেতে উঠেছে চট্টগ্রামবাসী।
সোমবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টির মধ্যেই সব বয়সী মুসল্লিরা নতুন কাপড় পরে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদের ঈদের নামাজ আদায় করেন। কোলাকুলির মধ্য দিয়ে তারা বিনিময় করেন ঈদ শুভেচ্ছ।
নগরীতে ঈদের প্রধান জামাত হয় সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে। নামাজে ইমামতি করেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জালালুদ্দিন আল-কাদেরী।
এ জামাতে মন্ত্রী-সাংসদ-রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. মো. আফসারুল আমীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. মনজুর আলম, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ ও নগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠসহ বিভিন্ন দলের এই জামাতে অংশ নেন।
একইস্থানে সকাল সোয়া ৯টায় আরেকটি ঈদের জামাত হয়। এছাড়া কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৯টায় বড় আরেকটি ঈদ জামাত হয়। এ জামাতে প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা ছাড়াও সর্বস্তরের মুসলমানরা অংশ নেন।
সিটি কর্পোরেশন ও কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে সব মিলে নগরীতে ২৩১টি ঈদের জামাত হয়েছে।
নামাজের পরপরই সবাই মেতে ওঠেন ঈদ উৎসবে। নগরীর পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে লোকজন বৃষ্টির মধ্যেই ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/জেকে/১৪৫৫ ঘ.
bdnews24