সুজন মণ্ডল
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘরে ঘরে চলছে ঈদের উৎসব। এই আনন্দ ছুঁয়ে গেছে রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার শিশুদের।
বছরের এ দিনটিতে তারা ক্ষণিকের জন্য হলেও ভুলে যায় অসহায়ত্ব, দুঃখ-কষ্ট এবং যন্ত্রণার কথা। সংসারে বাবা না থাকার কথা।
ঈদে তাদের সবাইকে নতুন জামা-কাপড় দেওয়া হয় বলে এতিমখানা কর্তৃপক্ষ জানিয়েছে।
শতাব্দী প্রাচীন এই এতিমখানা হল ‘স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা। ১৯০৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
এতিমখানার হোস্টেল ইনচার্জ আশরাফ আলী শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের দিন এতিম শিশুদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া প্রত্যেককে দেওয়া হয়েছে নতুন জামা-কাপড়।
এছাড়া অনেকে ব্যক্তিগতভাবেও এই এতিম ছেলেমেয়েদের পোশাক বানিয়ে দেন। তাই কেউ কেউ দুই-তিন সেট পোশাকও পেয়েছে, বলেন আশরাফ।
তিনি জানান, সমাজের বিভিন্ন লোকের অনুদান, সাহায্য ও জাকাতের অর্থে চলে এই এতিমখানা। এ ছাড়া সরকারিভাবেও প্রতি মাসে বরাদ্দ আসে।
আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে এখানে ২৫৭ জন ছেলেমেয়ে রয়েছে। এর মধ্যে ১৪২ জন ছেলে এবং ১১৫ মেয়ে। তাদের বয়স ৭ থেকে ১৮ বছরের মধ্যে।
দেশের বিভিন্ন স্থান থেকে বাবা-মা হারা শিশুরা এখানে থেকে লেখাপড়া করে। এতিমখানা কর্তৃপক্ষ তাদের খরচ বহন করে।
যাদের বাবা নেই আইন অনুযায়ী শুধু তারাই এতিম বলে গণ্য হয়। তাদেরই কেবল এতিম হিসেবে এখানে থাকার ব্যবস্থা করা হয়।
তবে যে শিশুদের বাবা-মা কেউ নেই তাদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু যাদের শুধু মা মারা গেছে অথচ বাবা জীবিত, তাদের এতিমখানায় ভর্তি করা হয় না।
এখানে শিশু শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত বিনা খরচে এতিমদের পড়াশোনার ব্যবস্থা করে এতিমখানা কর্তৃপক্ষ। এর মধ্যে এতিমখানার নিজস্ব স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং মেয়েদের জন্য অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে।
দশম শ্রেণির ছাত্রী শেরপুরের লাবণী সরকার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, ফুফুর সঙ্গে সে বাড়ি যাবে। সেখানেই ঈদ করবে এবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৮ ঘ.
bdnews24