আখাউড়া, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ রক্ষার এক কর্মসূচিতে বাংলাদেশ-ভারত সীমান্তে গাছের চারা বিনিময় করেছে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী।
শনিবার ত্রিপুরা-বাংলাদেশের আখাউড়া সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) যৌথ উদ্যোগে ‘আমার পৃথিবী আমার কর্তব্য’ শীর্ষক এই কর্মসূচি পালন করা হয়।
পৃথিবীর জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বিষয়ে উভয় দিকের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদেরকে শিক্ষিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিডব্লিউডব্লিউএ) উদ্যোগে ১৫ আগস্ট শুরু হওয়া ছয়দিনের এ কর্মসূচিকে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার সীমান্তে গাছের চারা লাগানো হবে।
শনিবার উভয় বাহিনীর অধিনায়কের উপস্থিতিতে বিএসএফের ষষ্ঠ ব্যাটালিয়ন ও বিজিবির দ্বাদশ ব্যাটালিয়নের মধ্যে নানা জাতের গাছের চারা বিনিময় করা হয়।
বিএসএফের ষষ্ঠ ব্যাটালিয়নের অধিনায়ক এসএল নেগি বলেন, “আমরা ভাবলাম, সীমান্ত এলাকায় রোপনের আমাদের বিজিবিকে গাছের চারা দেব। আমরা এর মধ্যেই নিজ দায়িত্বে আমাদের এলাকায় কয়েক হাজার চারা লাগিয়েছি। সারা ভারতজুড়ে এ প্রচারাভিযান চলছে।”
এদিকে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ বলেন, “বিএসএফের এই গুরুত্বপূর্ণ উদ্যোগে সাড়া দিয়ে তাদের দেওয়া চারা আমরা আমাদের এলাকায় লাগাবো। আমরাও তাদেরকে কিছু চার দেব।”
মুস্তাফিজ বলেন, তার ব্যাটালিয়ন এ বছর প্রায় ৮ হাজার গাছের চারা লাগিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এসইউ/২১২৭ ঘ.
bdnews24