মহসিনুল করীম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগের দিন রাজধানীর বিপণি বিতানগুলোর পাশাপাশি ভিড় রয়েছে কাঁচাবাজারেও। শেষ মুহূর্তে ঈদের দিনের রকমারি সুস্বাদু খাবারের উপকরণ সেমাই, চিনি, দুধ, পোলাওয়ের চাল, মাংস ও মসলা একটু বেশি দামেই কিনে নিচ্ছেন রাজধানীবাসী।
রোববার সকাল থেকে ঢাকার বিভিন্ন বাজার এবং মহল্লার খুচরা দোকান ঘুরে দেখা গেছে, শেষ মুহূর্তে চাহিদা বাড়ায় কিছুটা বেড়েছে সেমাই, চিনি ও দুধের দাম। চাল ও মাংসের বাজার অনেকটা স্থিতিশীল থাকলেও বেড়েছে মসলা ও শসার দাম।
খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জানান, সারা বছর টুকটাক ব্যবসা হলেও সেমাইয়ের মূল ব্যবসা হয় ঈদের আগে। ক্রেতাদের চাহিদার কারণে তাদের মজুদও কমে আসছে। শেষ মুহূর্তে তাদেরও আর সংগ্রহ করার অবস্থা নেই। তাই কিছুটা দামের হেরফের হচ্ছে।
তবে ক্রেতাদের অভিযোগ, শুধু বাড়তি দামই নয়, সেমাই, চিনি ও তরল দুধ বর্তমানে অনেকটা উধাও হয়ে যাওয়ার পথে। রোজার শুরু থেকেই বেশ গরম মসলার বাজার। এ অবস্থা এখনও চলছে। বেড়েছে মুরগির দামও। তবে স্থিতিশীল রয়েছে গরুর মাংস ও পোলাওয়ের চালের দাম।
ইব্রাহিমপুর, শেওড়াপাড়া ও কাজিপাড়ার বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, ঈদ সামনে রেখে প্যাকেটভেদে ১০ টাকা পর্যন্ত বেড়েছে সেমাইয়ের দাম। লাচ্ছা ও খোলা সেমাইয়ের দাম মানভেদে কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা দোকানে ভালো মানের খোলা সেমাই কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত।
তবে সাধারণ মানের খোলা লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ৮৫ থেকে ১৩০ টাকা কেজি দরে। এর দামও বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা। বেশি বেড়েছে প্যাকেটজাত সেমাইয়ের দাম।
খুচরা বিক্রেতাদের মতে, নামিদামি ব্র্যান্ডের লাচ্ছা সেমাইয়ের ২০০ গ্রামের প্যাকেট বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকায়।
পুরান ঢাকার সেমাই ব্যবসায়ী লাবলু মিয়া বলেন, চিনি ও ময়দার দামের কারণে এবার সেমাইয়ের দাম বেড়েছে। তিনি পাইকারি দরে প্রতি মণ লাচ্ছা সেমাই বিক্রি করছেন তিন হাজার ৮০০ থেকে চার হাজার ৭০০ টাকায়। গত বছর এ ধরনের সেমাইয়ের দাম ছিল তিন হাজার থেকে তিন হাজার ৫০০ টাকার মতো।
কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা আশরাফ হোসেন ও ক্রেতা শরীফুল ইসলাম বলেন, রোজার সময় সরকার প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করে দেয় ৫৫ টাকা। কিন্তু বেশিরভাগ দোকানেই বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।
ঈদকে সামনে রেখে চিনি ও তরল দুধের কৃত্রিম সংকট ধীরেই প্রকট হচ্ছে বলে জানিয়েছেন অনেক ক্রেতা ও বিক্রেতা।
ইব্রাহিমপুরের ব্যবসায়ী টিপু সুলতান বলেন, ঈদের আগের দিন বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় তরল দুধ ও চিনির কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। এজন্য দুধের দাম লিটারপ্রতি বেড়েছে ১২ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত।
রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ১৫ দিনের ব্যবধানে বিভিন্ন ধরনের মসলার দাম ৩০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি এলাচ তিন হাজার থেকে তিন হাজার ২০০ টাকা, দারুচিনি ৩০০, লবঙ্গ এক হাজার ৮০০ থেকে দুই হাজার, গোলমরিচ ৮০০, কিশমিশ ৪৫০, জিরা ৪৫০ থেকে ৫০০ ও আদা ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
দেশি পেঁয়াজ প্রতি কেজি ৩৫ থেকে ৪৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ২৮ থেকে ৩০, দেশি রসুন ৯০ ও ভারতীয় রসুন ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
মিল্ক ভিটার বিপণন বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, তারা দুধের দাম বাড়াননি। ঢাকায় প্রথম রোজা থেকে দিনে গড়ে তিন লাখ লিটার তরল দুধ সরবরাহ করা হয়েছে। এখন পৌনে চার লাখ লিটার দুধ সরবরাহ করা হচ্ছে। ঈদের আগের দিনও চার লাখ লিটার দুধ সরবরাহ করা হয়েছে। ফলে দুধের কোনো সংকট থাকবে না।
মিল্কভিটা ঈদের ছুটিতে ২০ থেকে ২৩ তারিখ দুধ সরবরাহ বন্ধ ঘোষণা করার কারণেও বাজারে দুধের দাম বেড়েছে বলে অনেকেই মনে করেন।
খুচরা বিক্রেতা বিপ্লব হোসেন বলেন, রমজানের চেয়ে ঈদের দিনগুলোতে তরল দুধের চাহিদা বেশি থাকে। দোকানিরা বেশি বেশি তরল দুধ কিনে মজুদ করছেন, যাতে ঈদের সময় বেশি দামে বেচে বাড়তি কিছু লাভ করতে পারেন।
মিরপুর ৬ নম্বর বাজারের ক্রেতা বাবুল আকতার এবং ক্যান্টনমেন্টের কচুক্ষেত বাজারের ক্রেতা তানজিলা বলেন, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে। আর ৬০০-৭০০ গ্রাম ওজনের দেশি-মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে ২৮০ থেকে ২৯০ এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৫০ টাকা কেজি দরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৯৩৫ ঘ.
bdnews24