২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ঈদ মেয়ে নাতি-নাতনির সঙ্গে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ঈদ করছেন তার মেয়ে সায়মা হোসেন পুতুল এবং নাতি-নাতনিদের সঙ্গে নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ঈদ করছেন তার মেয়ে সায়মা হোসেন পুতুল এবং নাতি-নাতনিদের সঙ্গে নিয়ে। প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন তার বোন শেখ রেহানা এবং তার ছেলে রেজোয়ান সিদ্দিক ববি ও তার স্ত্রী-কন্যাও। সায়মা হোসেন যুক্তরাষ্ট্র প্রবাসী। তার স্বামী খন্দকার মাসরুর হোসেনও ঈদ করছেন ঢাকায়। ছেলে-মেয়েদের স্কুলের বার্ষিক ছুটির ফাঁকে দেশে বেড়াতে এসেছেন তারা। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ও স্থায়ীভাবে আমেরিকায় থাকেন। যুক্তরাজ্য প্রবাসী শেখ রেহানা গত ১৪ অগাস্ট বোন শেখ হাসিনার সঙ্গে দেশে এসেছেন। তার ছেলে ববি সস্ত্রীক বাংলাদেশে বাস করেন। তিনি ঢাকায় আর্ন্তজাতিক একটি সংস্থায় কাজ করেন। প্রধানমন্ত্রী প্রতিবারের মতো এবারও ঈদের দিন গণভবনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল সাড়ে ৯টা থেকে রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার সর্বস্তরের জনসাধারণের সঙ্গে এবং সাড়ে ১১টায় কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। আওয়ামী লীগের অধিকাংশ নেতা যার যার নির্বাচনী এলাকায় ঈদ করবেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধূরী ঈদ করবেন ফরিদপুরের নগরকান্দায় তার নির্বাচনী এলাকায়। অর্থমন্ত্রী সিলেটে এবং উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও আব্দুল জলিল যথাক্রমে ভোলা এবং নওগাঁয় নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য আমীর হোসেন আমু ওমরাহ পালনের জন্য বর্তমানে সৌদি আরবে রয়েছেন। অন্যদিকে সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে ইউসুফ হোসেন হুমায়ূন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মহিউদ্দিন খান আলমগীর, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজুউদ্দিন আহমেদ রাজু এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঢাকায় ঈদ কাটাবেন। সভাপতিমন্ডলীর আরেক সদস্য আব্দুল লতিফ সিদ্দীকি কানাডায় মেয়ের সঙ্গে ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে। এছাড়া যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় এবং দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক ঢাকায় থাকবেন। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে মেহবাহউদ্দিন সিরাজ সিলেটে, এ বি এম মোজাম্মেল হক শরীয়তপুরে, আ ফ ম বাহাউদ্দিন নাছিম মাদারীপুরে আর খালিদ মাহামুদ চৌধুরী দিনাজপুরে ঈদ করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএমআর/এসইউ/জিএনএ/১১০০ ঘ.