ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরে শনিবার এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মো. রাশেদ (২০) শহরের কাজীপাড়ার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
সদর থানার ওসি মো. আব্দুর রব পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে বাসা থেকে ডেকে নিয়ে গোকর্ণ রোডের ক্ষণিকা কমিউনিটি সেন্টারের সামনে কয়েকজন যুবক তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
স্থানীয় লোকজন জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠাতে বলেন। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরো বলেন, কয়েকদিন আগে রাশেদের সঙ্গে তার কয়েকজন বন্ধুর কথা কাটাকাটি হয়। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী সংঘর্ষ এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৭ ঘ.
bdnews24