চট্টগ্রাম, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে বাড়িমুখো মানুষের সংখ্যা কমতে থাকায় গত কয়েকদিনের তুলনায় শনিবার ভিড় কমেছে চট্টগ্রামে রেল স্টেশনে।
বুধবার শোক দিবসের ছুটির মাধ্যমে একটানা ছুটি শুরু হওয়ায় মঙ্গলবার বিকাল থেকেই নগর ছাড়তে শুরু করে মানুষ। শনিবার সকাল থেকেই তাই ফাঁকা হয়ে গেছে নগরী। চির পরিচিত যানজট নেই, নেই কোলাহল। তবে নিউমার্কেট মোড়, আগ্রাবাদ মোড়, জিইসি মোড় ও ষোলশহর মোড়সহ বিপণি বিতানের আশপাশের এলাকায় কিছুটা যানজট দেখা যায়।
শনিবার সকালে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে যায় ঢাকাগামী সূবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, চট্টলা এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস, চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ও নোয়াখালীগামী একটি বিশেষ ট্রেন। এছাড়া দুপুরে ছাড়ে চাঁদপুরগামী বিশেষ ট্রেন ও ঢাকাগামী মহানগর গোধুলী।
আন্তঃনগর ট্রেনগুলোতে মানুষের চাপ তেমন না থাকলেও লোকাল ও মেইল ট্রেনগুলোতে ভিড় ছিল।
তবে, এ ভিড় গত দিনগুলোর তুলনায় অনেক কম বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার শামসুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/২১৩৯ ঘ.
bdnews24