ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে রবি অথবা সোমবার বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে।
বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের দিন বেলা সোয়া ১২টা থেকে ১ পর্যন্ত কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ন করবেন খালেদা জিয়া। এরপর ১টা থেকে ২টা পর্যন্ত বিশিষ্ট নাগরিক এবং সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
শুভেচ্ছা বিনিময় শেষে বিরোধী দলীয় নেতা শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বলে প্রেস সচিব জানান।
রমজানের বিশেষ ইবাদত ও ওমরাহ পালন শেষে খালেদা জিয়া গত শুক্রবার দেশে ফেরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫২৪ ঘ.
bdnews24