২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল সার্ভিস: চাকরি শেষ, বেতন বন্ধ ৬ মাস

চাকরির মেয়াদ শেষ হতে চললেও বরগুনার ন্যাশনাল সার্ভিসের আড়াইহাজার কর্মীর বেতন পরিশোধ করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 10:30 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

মনির হোসেন কামাল বরগুনা প্রতিনিধি বরগুনা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরির মেয়াদ শেষ হতে চললেও বরগুনার ন্যাশনাল সার্ভিসের আড়াইহাজার কর্মীর বেতন পরিশোধ করা হয়নি। কারো ছয় মাস আবার কারো সাত মাসের বেতন বাকি রয়েছে। একদিকে অর্থিক অনটনে ঈদ করার কষ্ট অপরদিকে চাকরি শেষে অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তায় দিন কাটছে এই তরুণ-তরুণীদের। আমতলী উপজেলা যুব উন্নয়ন দপ্তর জানায়, ন্যাশনাল সার্ভিসের আওতায় ২০১০ সাল থেকে তিনটি ধাপে এই উপজেলায় দুই হাজার ৫৭৫ জনকে দু’বছরের জন্য বিভিন্ন সরকারি, আধাসরকারি প্রতিষ্ঠান, স্কুল ও কলেজে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এর আগে তাদের তিন মাসের মৌলিক প্রশিক্ষণও দেওয়া হয়। নিয়োগ শর্ত অনুযায়ী পর্যায়ক্রমে আগামী অগাস্ট মাস থেকে তাদের চাকরির মেয়াদ শেষ হবে। যুব উন্নয়ন দপ্তর আরো জানায়, এদের মধ্যে ১ম ও ২য় ব্যাচে নিয়োগ পাওয়া কর্মীরা এ বছরের ফেব্র“য়ারি পর্যন্ত এবং ৩য় ব্যাচের কর্মীরা জানুয়ারি পর্যন্ত বেতন-ভাতা পেয়েছেন। বরাদ্দ না আসায় কারো ছয় এবং কারো সাত মাসের বেতন বকেয়া রয়েছে। আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিধি মোতাবেক কর্মীদের চাকরির মেয়াদ শেষ হবে। তাদের বেতনভাতা প্রদানের ব্যাপারে তিনি ঢাকায় যুব অধিদপ্তরে যোগাযোগ করেছেন। বরাদ্দ এলে ঈদের পর বেতন-ভাতা দেওয়া হবে বলে তিনি জানান। আমতলীতে ন্যাশনাল সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি সুশীল চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাকরির মেয়াদ বৃদ্ধির দাবিতে আমরা এ বছরের ২০ জুন মানববন্ধন করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি।” উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নিয়োজিত কর্মী দিলীপ, লিটন ও মিঠু বলেন, অর্থাভাবের কষ্ট বা নিরানন্দ ঈদের চেয়েও প্রকট হয়ে উঠেছে ভবিষ্যতের ভাবনা। চাকরির মেয়াদ পর্যায়ক্রমে এ মাস থেকে শেষ হয়ে যাচ্ছে। এরপর কী করবেন তা নিয়ে তারা উৎকণ্ঠায় রয়েছেন বলে জানান। আমতলী সালেহিয়া মাদ্রাসায় কর্মরত নাহিদা ও জোলেনা বলেন, ছয় মাস ধরে তারা বেতন পান না। ইতোমধ্যে অনেক দেনা হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৪ ঘ.