টাঙ্গাইল/কুমিল্লা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনা ও গাড়ির ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিচ্ছিন্নভাবে যানজট সৃষ্টি হওয়ায় শুক্রবার সকাল থেকে দুই রুটে যানবাহন চলছে ধীর গতিতে।
ফলে ঈদের দুই দিন আগে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঈদে ঘারমুখো যাত্রীদের।
টাঙ্গাইল হাইওয়ে পুলিশের গোড়াই থানার ওসি সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তিন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
এসব এলাকায় দুর্ঘটনার কারণে বিচ্ছিন্নভাবে সাময়িক যানজট সৃষ্টি হওয়ায় পুরো মহাসড়কে যানবাহন চলছে অত্যন্ত ধীরে।
সকাল ৯টার দিকে মির্জাপুর উপজেলার সোহাগপাড়ায় বাসচাপায় নিহত হন দুই মোটরসাইকেল আরোহী।
এরা হলেন মাসুদ রানা (২৪) ও লিমন (২০)। তাদের বাড়ি নওগাঁর কেশবপুরে।
সানোয়ার হোসেন বলেন, ঈদের ছুটিতে ঢাকা থেকে নওগাঁ যাওয়ার সময়
এসআর পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এর আগে ভোর ৬টার দিকে কালিহাতি থানার এলেঙ্গার কাছে রাজা বাড়িতে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হন।
পুলিশ নিহতের পরিচয় জাননতে পারেনি। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া সকাল ৭টার পর কালিহাতির পৌলি এলাকায় একটি বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ হয় বলে হাইওয়ে পুলিশের ওসি জানান। এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে গোড়াই শিল্পাঞ্চলের এজি (তানিয়া) টেক্সটাইলের শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। শ্রমিকরা রাত ৯টার দিকে অবরোধ তুলে নিলেও মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় সৃষ্টি হয় যানজট। সকাল পর্যন্ত এর রেশ চলে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদনগর এলাকায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে একটি লরি বিকল হলে যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশের ময়নামতি থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘণ্টাখানেক পর রেকার এনে লরিটি সরানো হলে শুক্রবার সকালের দিকে যানজট কমে আসে। কিন্তু বাড়তি গাড়ির চাপে মহাসড়কে যানবাহন চলছে অত্যন্ত ধীর গতিতে।
জাহাঙ্গীর আলম বলেন, “কোথাও দুর্ঘটনা ঘটলে বা যানবাহন বিকল হলেই সমস্যা হয়। আমরা মহাসড়ক সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
সড়ক দুর্ঘটনার কারণে গত দুই দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২৩৫ ঘ.
bdnews24