২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে সাংবাদিককে মারধর

নারায়ণগঞ্জ সদরে পূর্ব বিরোধের জের ধরে এক সাংবাদিক ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরে পূর্ব বিরোধের জের ধরে এক সাংবাদিক ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার বিকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। হামলায় আহতরা হলেন- দৈনিক জনকণ্ঠের সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ও সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমান (৪০) ও তার স্ত্রী মাহমুদা আক্তার মনি (৩১)। তারা উভয়ে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবস্থিত অনন্যা বিউটি পার্লার পরিচালনা করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাংবাদিক খলিলুর রহমান দম্পতির সঙ্গে ওই এলাকারই রূপলাবণ্য নামের বিউটি পার্লারের মালিক আবুল কালাম আজাদের পূর্ব বিরোধ ছিল। বৃহস্পতিবার বিকালে পার্লারে ক্লায়েন্ট সংগ্রহ করা নিয়ে আজাদের স্ত্রী শাহনাজের সঙ্গে খলিলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আবুল কালাম আজাদ ও তার লোকজন খলিলকে মারধর করে। এসময় খলিলকে বাঁচাতে এলে তার স্ত্রী মনিকেও রূপলাবণ্য বিউটি পার্লারের ভেতরে আটক করে মারধর করা হয় বলে পুলিশ জানায়। তখন আশপাশের লোকজন এসে খলিল ও তার স্ত্রীকে উদ্ধার করে এবং আবুল কালাম আজাদ ও তার স্ত্রী শাহনাজকে মারধর করে পুলিশে সোপর্দ করে। খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব বিরোধের জের ধরে আবুল কালাম আজাদ ও তার লোকজন এসে তার এবং তার স্ত্রীর ওপর হামলা চালায় এবং তাদের পার্লারে ভাংচুর চালায়। তবে আবুল কালাম আজাদ হামলার অভিযোগ অস্বীকার করলেও হাতাহাতি হয়েছে বলে স্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২২০১ ঘ.