২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় এবার ভিন্ন চিত্র

ঈদের ছুটির শুরুতে রাজধানী থেকে দক্ষিণাঞ্চলে যাওয়ার পথ মাওয়া ঘাটে এবার অন্য বছরগুলোর তুলনায় যানজট দেখা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 04:16 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

মুন্সীগঞ্জ, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটির শুরুতে রাজধানী থেকে দক্ষিণাঞ্চলে যাওয়ার পথ মাওয়া ঘাটে এবার অন্য বছরগুলোর তুলনায় যানজট দেখা যায়নি। ঈদের ছুটি দীর্ঘ হওয়া এবং মাওয়ায় ফেরি ঘাট থেকে লঞ্চঘাট স্থানান্তরের কারণে এবার দুঃসহ অবস্থা নেই বলে ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঘাটে গিয়ে দেখা যায়, দুটি রো রোসহ ১৫ ফেরির অবিরাম গাড়ি পারাপার করছে। তবে ডুবোচরের কারণে রো রো ফেরি দুটি ধারণ ক্ষমতার অর্ধেক গাড়ি নিয়ে চলছে। সি-বোট ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও নির্ধারিত হারেই টোল আদায় করা হচ্ছে। ফেরিগুলো নিয়মিতভাবে ছেড়ে যাওয়ায় দূরপাল্লার পরিবহনগুলোকে যানজটে আটকা পড়তে দেখা যায়নি। পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে রেখে যাত্রীবাহী পরিবহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করছে বিআইডব্লিউটিসি। ঈদের ছুটি তিন দিন হলেও জাতীয় শোক দিবস, শবে কদরের সরকারি ছুটির পর দুদিনের সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত বুধবার থেকে ছুটি শুরু হয়েছে। এর ফলে অন্যবছরের মতো ঘাটে একদিনেই ব্যাপক চাপ পড়ছে না এবার। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রীদের নির্বিঘেœ ঘরে ফেরা নিশ্চিত করতে মাওয়া ঘাটে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিয়মিত টোলের বাইরে কোনো ফি আদায় করতে দেওয়া হচ্ছে না। ঈদে ঘরমুখো যাত্রীদের পদচারণা থাকলেও ঘাটের পরিস্থিতি স্বাভাবিকই দেখা যায়। লঞ্চ ঘাটেও পরিস্থিতি ছিল সহনীয়। পার্কিং ইয়ার্ডে ব্যাপক পরিসর ও নিয়মতান্ত্রিকভাবে গাড়ি পার্কিং করায় ঘাটে যানজট হচ্ছে না। মাওয়া চৌরাস্তায় সুব্যবস্থার কারণে গাড়িগুলো সরাসরি পার্কিং ইয়ার্ডে চলে যাচ্ছে। এতে ফেরি ঘাটমুখী দূর পাল্লার গাড়িগুলোকে বাধার মুখে পড়তে হচ্ছে না। তবে সিবোট ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে জানিয়ে সাইফুল বলেন, কোনোভাবেই যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। মহাসড়ক পুলিশের উপপরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, পণ্যবাহী ট্রাকগুলোকে ঘাট থেকে ১০ কিলোমিটার দূরে শ্রীনগর উপজেলার ছনবাড়িতে আটকে দেওয়া হয়েছে। চৌরাস্তায় কোনো গাড়ি দাঁড়াতে না দেওয়ায় যানজট হচ্ছে না। বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, পর্যাপ্ত ফেরির ব্যবস্থা থাকায় দূর পাল্লার গাড়িগুলো ঘাটে আসার সঙ্গে সঙ্গেই ফেরিতে উঠছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/২২১৪ ঘ.