ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন হলে দেশের গণতন্ত্র ‘বিপন্ন’ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার ১৮ দলীয় জোটের অন্যতম শরিক কল্যাণ পার্টি আয়োজিত ইফতারপূর্ব এক আলোচনায় তিনি এ আশঙ্কার কথা জানান।
এ প্রসঙ্গে এই বিএনপি নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতা পেয়ে অতীতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। বর্তমানে সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের নতুন বিধান সংযোজন করেছে।
সরকারের এহেন কর্মকা-ের বিরুদ্ধে দলমত নির্বিশেষ সবাইকে রুখে দাঁড়ানোর আহবানও জানান ফখরুল।
বিকালে রাজারবাগের একটি হোটেলে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল দাবি করেন, সাধারণ মানুষ দুঃসহ যন্ত্রণার মধ্যে দিনযাপন করছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। ফলে ঈদের বাজারে প্রিয়জনদের জন্য কেনাকাটা করতে গিয়ে জনসাধারণকে হিমশিম খেতে হচ্ছে।
এমন অবস্থার জন্য আসছে ঈদ মানুষের জন্য আনন্দ বয়ে আনবে না বলেও তিনি মনে করেন।
মির্জা ফখরুল সরকারের কথিত নতজানু পররাষ্ট্র নীতিরও সমালোচনা করেন।
“সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। সীমান্তে হত্যাকা- বন্ধ ও তিস্তার পানি বন্টন চুক্তিও তারা করতে পারেনি। অথচ ভারতকে ট্রানজিট, বন্দর সুবিধা দিয়ে দিয়েছে।’’
কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনায় অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ কে এম নাজির আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, কল্যাণ পার্টির মহাসচিব আবদুল মালেক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাহিদুর রহমান তামান্না প্রমুখ বক্তব্য রাখেন।
মঞ্চে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, ন্যাপ সভাপতি জেবেল রহমান গনি, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাপ ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হক, পিপলস লীগের সভাপতি গরীব নেওয়াজ, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মন্,ি বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ ১৮ দলীয় জোট নেতাদের নিয়ে একসঙ্গে ইফতার করেন মির্জা ফখরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০১৭ ঘ.
bdnews24