২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়ায় পরিস্থিতি সহনীয়

ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও দীর্ঘ ছুটির কারণে তা মাত্রাতিরিক্ত না হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

মানিকগঞ্জ/রাজবাড়ী, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও দীর্ঘ ছুটির কারণে তা মাত্রাতিরিক্ত না হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। ঈদের ছুটি তিন দিন হলেও জাতীয় শোক দিবস, শবে কদরের সরকারি ছুটির পর দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় গত বুধবার থেকে কার্যত ঈদের ছুটি শুরু হয়েছে, ফলে একদিনে ব্যাপক চাপ এবার পড়ছে না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা-বিআইডব্লিটিসি’র আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নয়টি রো রো (বড়) ও দ্ইুটি কে-টাইপ (মাঝারি) ফেরি গাড়ি পারাপার করছে। “সবগুলো ফেরিই সচল থাকায় যানবাহন পারাপারে কোনো সমস্যা হচ্ছে না। পাটুরিয়ায় তিনটি ঘাট দিয়ে যানবাহনগুলো ফেরিতে ওঠানামা করছে,” বলেন তিনি। বিদ্যুৎ কুমার বলেন, “ঈদে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় নদী পার হতে আসা যানবাহনগুলোকে ঘাটে কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। তবে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সেগুলো ফেরিতে উঠে যাচ্ছে।” দুপুর ২টা পর্যন্ত পাটুরিয়ায় দেড়শ যাত্রীবাহী কোচ, শতাধিক ট্রাক ও দ্ইুশ ছোট গাড়ি পারের অপেক্ষায় ছিল। অন্যবার ঈদের সময় গাড়ির চাপ আরো বেশি থাকে বলে ঘাট সংশ্লিষ্টরা জানায়। বেলা ১১টার দিকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান পাটুরিয়া ঘাট পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে ঘাট এলাকা যানজটমুক্ত রাখতে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে। মন্ত্রী পরে নদী পাড়ি দিয়ে দৌলতদিয়া যান। দৌলতদিয়া সড়কে নবনির্মিত চার লেইন এবং বাইপাস সড়ক পরিদর্শন করেন তিনি। “দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বিআইডব্লিওটিসির ইতিহাসে গতকাল (বুধবার) প্রথম ৮ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে বিআইডব্লিওটিসি ৮০ লাখ টাকা আয় করেছে,” সাংবাদিকদের বলেন তিনি। মন্ত্রী দৌলতদিয়া লঞ্চঘাটও পরিদর্শন করেন এবং লঞ্চ চলাচলের সুবিধার জন্য নদীতে থাকা পুরনো একটি পন্টুন সরিয়ে ফেলার নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১১ ঘ.