২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন থেকে অপহৃত ১৪ জেলে উদ্ধার

পূর্ব সুন্দরবনের দুবলা জেলেপল্লীর নারকেলবাড়িয়া চর থেকে ১৪ জন জেলেকে উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 07:19 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

বাগেরহাট, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব সুন্দরবনের দুবলা জেলেপল্লীর নারকেলবাড়িয়া চর থেকে ১৪ জন জেলেকে উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে জেলেদের উদ্ধারের সময় র‌্যাব সদস্যরা পরিত্যক্ত অবস্থায় চারটি একনলা বিদেশি বন্দুক ও একটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। র‌্যাব ৮ এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানী বলেন, “জলদস্যুরা যে ৬৩ জন জেলেকে অপহরণ করেছে এরা তাদেরই অংশ। নারকেলবাড়িয়া চরের বিভিন্ন স্থান থেকে বিক্ষিপ্তভাবে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো জলদস্যু মোর্তজা ও সাগর বাহিনীর সদস্যদের।” মুক্তিপণের দাবিতে জলদস্যু মুর্ত্তজা ও সাগর বাহিনী গত ১০ ও ১১ অগাস্ট বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এবং নারকেলবাড়িয়া এলাকা থেকে ইলিশ ধরা ট্রলারের জেলেদের অপহরণ করে। জলদস্যু দমনে সুন্দরবন ও আশপাশের বঙ্গোপসাগর উপকূলে গত ১০ আগস্ট বিকেলে কোস্টগার্ড ও নৌ-বাহিনীর যৌথ অভিযান শুরু হয়। মংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের লে. কমান্ডার শফিকুল আলম জানান, জলদস্যু দমন ও অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌ-বাহিনীর যৌথ অভিযানে যোগ দিতে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার সকাল দশটার দিকে ঢাকা থেকে মংলা নৌ-ঘাঁটিতে এসে পৌঁছেছে। “ যে কোনো সময়ে হেলিকপ্টারটি অভিযানে অংশ নেবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৩১২ ঘ.