২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গুলিতে একজন নিহত

সাভারে বাইং হাউজের এক কর্মকর্তাকে দুর্বৃত্তরা গুলি চালিয়ে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 05:26 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

সাভার, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে বাইং হাউজের এক কর্মকর্তাকে দুর্বৃত্তরা গুলি চালিয়ে হত্যা করেছে। বুধবার সন্ধ্যায় পুলিশ বিরুলিয়া ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন সড়ক থেকে তার লাশ উদ্ধার করে। নিহত মনিরুল ইসলাম জুয়েল (২৮) গাজীপুরের কোণাবাড়ী এলাকার পদ্মা বায়িং হাউজের কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কাজ করতেন। তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানার শেরনগর গ্রামের শামসুল হকের ছেলে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সর্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় বেড়িবাঁধ সংলগ্ন সড়ক থেকে জুয়েলের লাশ উদ্ধার করে পুলিশ। বিকালের কোনো এক সময় তাকে কপালে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। “নিহতের পরিবার জানিয়েছে, কর্মস্থলে এক সহকর্মীর সঙ্গে জুয়েলের একটি মোটর সাইকেল নিয়ে কয়েক দিন ধরে দ্বন্দ্ব চলছিল। হত্যাকাণ্ডের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা আছে কি না পুলিশ খতিয়ে দেখছে,” বলেন এসআই শহিদুল। এ হত্যাকাণ্ডের বিষয়ে সাভার থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই। নিহতের পিতা শামসুল হক সাংবাদিকদের জানান, সোমবার বিকালে অফিস থেকে ফোন এসেছে বলে আশুলিয়ার কাঠগড়া এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে যান জুয়েল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার থানায় এ ব্যাপারে ডায়েরি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩২২ ঘ.