২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মা-মেয়ের জবাই করা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার একটি ফ্ল্যাট থেকে বুধবার বিকালে মা ও মেয়ের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 12:06 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার একটি ফ্ল্যাট থেকে বুধবার বিকালে মা ও মেয়ের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো- মারিয়া আক্তার (৪৬) ও তার মেয়ে সাদিয়া আক্তার (১২)। মারিয়ার স্বামী আহম্মেদ আলী সৌদি আরব প্রবাসী। তাদের মেয়ে সাদিয়া শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের পাইকপাড়ায় আব্দুল করিম ভূঁইয়া বাবুর বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন মারিয়া ও তার মেয়ে সাদিয়া। তিনদিন আগে সৌদি আরব থেকে আহম্মেদ আলী তার স্ত্রীকে মোবাইল ফোনে কয়েক দফা কল করে সাড়া পাননি। পরে তিনি বন্দর নবীগঞ্জ এলাকায় তার ছোট ভাই জসিমউদ্দিনকে তার বাড়িতে পাঠান। বুধবার বিকেলে জসীমউদ্দিন তার ভাইয়ের বাড়িতে এসে দেখেন বাইরে থেকে ঘর তালা বন্ধ। কিন্তু বারান্দার দরজা খোলা। এসময় ঘর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তিনি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে তালা ভেঙে ঘরে ঢুকে পৃথক দুটি বিছানায় মা ও মেয়ের জবাই করে লাশ দেখতে পায়। ওসি আরো বলেন, সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঢাকা থেকে রওয়ানা হয়েছে। ঘটনাস্থলে থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়। মোবাইল ফোনের কল লিস্ট ও উদ্ধার হওয়া ছুরির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে দেখা হবে। দু’দিন আগে দুর্বৃত্তরা মা-মেয়েকে জবাই করে হত্যা করেছে বলে পুলিশের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮০০ ঘ.