২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাগ্নে ইরানে, তার হয়ে দেশে প্রতারণার জাল মামার

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে পাঠানোর কথা বলে যুবকদের ফাঁদে আটকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 11:28 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

মৌলভীবাজার, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে পাঠানোর কথা বলে যুবকদের ফাঁদে আটকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মো. খোরশেদ মিয়া (৪০) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামের ছওয়াব উল্লার ছেলে। তিনি স্বীকার করেছেন, ইরানে থাকা তার ভাগ্নে রুবেলের হয়ে দেশে টাকা তুলতেন তিনি। র‌্যাব বলছে, প্রতারিত যুবকদের ইরানে জিম্মিদশা থেকে মুক্তির কথা বলে আগস্ট মাসেই খোরশেদ বিভিন্ন জনের কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। খোরশেদকে মঙ্গলবার বিকালে কুরিয়ার সার্ভিস এস এ পরিবহনের মৌলভীবাজার কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এএসপি মনজুর আহমেদ সিদ্দিকী সাংবাদিকদের জানিয়েছেন। খোরশেদ তখন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা ১ লাখ ৮০ হাজার টাকা তুলছিলেন। ঢাকার কেরানীগঞ্জের প্রতারিত এক যুবকের পরিবার ওই টাকা পাঠিয়েছিল। আগে থেকে খবর পেয়ে খোরশেদকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব কর্মকর্তা মনজুর বলেন, খোরশেদের কাছে গত এক মাসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা ৩০ লাখ টাকার প্রাপ্তিস্বীকার রশিদ এবং নগদ ৩ লাখ ২৮ হাজার ৪১০ টাকা পাওয়া গেছে। খোরশেদকে বুধবার মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতারণার শিকার কেরানীগঞ্জের আকলিমা বেগম বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন। খোরশেদ নিজে এক সময় গ্রিসে থাকতেন। ২০০৯ সালে দেশে ফেরার পর থেকে তিনি ইরানপ্রবাসী ভাগ্নে রুবেলের হয়ে কাজ করছেন। রুবেলের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কমলেশ্বর গ্রামে। খোরশেদ র‌্যাব হেফাজতে সাংবাদিকদের বলেন, ভাগ্নের কথামতো তিনি টাকা তুলতেন এবং নিজের একটি অংশ রেখে বাকি অর্থ ভাগ্নের সরবরাহ করা বিভিন্ন ব্যাংক হিসাবে জমা দিতেন। গত তিন-চার মাসে এভাবে লাখ লাখ টাকা নেওয়ার কথা র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। র‌্যাবের বক্তব্য অনুযায়ী, খোরশেদ-রুবেলের প্রতারণার কৌশলটি দেশে নতুন। মধ্যপ্রাচ্যে থাকা যুবকদের ইউরোপে পাঠানোর কথা বলে ফাঁদে ফেলত তারা। পরে প্রতারিত যুবকদের পরিবারের কাছে টেলিফোন করে করে জানাত, তারা জিম্মি হয়ে আছে। তাদের মুক্তির জন্য টাকা পাঠাতে হবে। ওই টাকা সংগ্রহ করতেন খোরশেদ। র‌্যাব কর্মকর্তা মনজুর আহমদ বলেন, “অনেকদিন ধরে এই প্রতারক চক্র মধ্যপ্রাচ্যের ওমান, কাতার, দুবাই, ইরান থেকে ইউরোপে পাঠানোর নামে যুবকদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছিল। কিন্তু সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কায় কেউ অভিযোগ করেনি।” মঙ্গলবার রাতে র‌্যাব কার্যালয়ে খোরশেদের মোবাইল ফোনে একটি কল এলে কথোপকথন লাউড স্পিকার অন করে সাংবাদিকদেরও শোনান র‌্যাব কর্মকর্তারা। ফোনের অন্য প্রান্ত থেকে মাদারীপুরের এক ব্যক্তি তার সন্তানের মুক্তি চেয়ে বলছিলেন, “তোমার ভাগ্নেকে বল, আমার ছেলেকে মারধর না করতে, আমরা টাকার ব্যবস্থা করছি।” খোরশেদকে গ্রেপ্তারের খবর পেয়ে রাতেই মৌলভীবাজার ছুটে যান কেরানীগঞ্জের আকলিমা বেগম, যার ছেলে রিয়াদ হোসেন ইরানে প্রতারণার ফাঁদে পড়েছেন। আকলিমা প্রতারক খোরশেদের নামে ১ লাখ ৮০ হাজার টাকা পাঠানোর পর ওই নারীর ভাই সরকারি এক কর্মকর্তা ঘটনাটি র‌্যাবকে জানিয়ে দেন। তখন র‌্যাব অভিযানে নামে। সন্তানকে নিয়ে উদ্বিগ্ন বিধবা আকলিমা কান্নাজড়িত কণ্ঠে র‌্যাব কর্মকর্তাদের বলেন, “এদের (প্রতারক) এমন কিছু করবেন না, যাতে আমার ছেলের কোনো ক্ষতি হয়।” ধার-দেনা করে রিয়াদকে গতবছর দুবাই পাঠান আকলিমা। রিয়াদ সম্প্রতি পরিবারকে জানান, তিনিসহ ৪০ জন ইরান হয়ে তুরস্ক পাড়ি দিয়ে গ্রিস যাচ্ছেন, এক দালালের সঙ্গে তার কথা হয়েছে। আকলিমা জানান, গ্রিস যাওয়ার জন্য গাড়িতে উঠে মোবাইল থেকে টেলিফোনও করেছিল রিয়াদ। এরপর গত ৫ অগাস্ট একটি বিদেশি নম্বর থেকে আকলিমাকে জানানো হয়, রিয়াদ ইরান সীমান্তে জিম্মি হয়ে রয়েছে। “তখন রিয়াদকে দিয়ে ফোন করিয়ে বলা হয়, তাদের কথামতো টাকা না দিলে বা কোনো সংস্থার দ্বারস্থ হলে তাকে (রিয়াদ) হত্যা করা হবে। রিয়াদ কেঁদে কেঁদে টাকা দিয়ে দিতে বলছিল,” বলেন আকলিমা। আকলিমার সঙ্গে থাকা তার ছোট ভাই কামাল হোসেন সাংবাদিকদের জানান, “গত ৮ অগাস্ট বিদেশি ওই নম্বর (+৫৯৮৯১৭৪৩৮৩২০১) থেকে এক ব্যক্তি ফোন করে বলে, কথামতো টাকা না পৌঁছালে রিয়াদের ক্ষতি হয়ে যাবে।” তারপর ফোনে দেওয়া নির্দেশনা অনুযায়ী মৌলভীবাজারে খোরশেদের নামে টাকা পাঠান আকলিমা। খোরশেদ গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে রাতেই র‌্যাবে কার্যালয়ে ছুটে যান আকলিমার মতো প্রতারিত অনেকে। তবে খোরশেদকে আটকে স্বস্তির বদলে বিদেশে থাকা স্বজনদের নিয়ে উদ্বেগই বেশি ছিল তাদের। এই চক্রের সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি স্বজনদের খোঁজ জানতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ইরানে ওই ৪০ যুবক কোথায় রয়েছে- জানতে চাইলে খোরশেদ বলেন, “তা আমি জানি না। আমার কাজ শুধু অভিভাবকদের সঙ্গে ফোনে যোগাযোগ করে ভাগ্নের কথামতো টাকা নেওয়া।” র‌্যাব জানিয়েছে, তারা রশিদ দেখে নিশ্চিত হয়েছেন খোরশেদ শুধু কুরিয়ার সার্ভিসের মৌলভীবাজার শাখা থেকে ৩০ লাখ টাকা তুলেছে। দেশের বিভিন্ন স্থান থেকে এই টাকা এসেছে। প্রাপ্তিস্বীকার রশিদ অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, পাবনা, বরিশাল, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জন ১ লাখ ৮০ হাজার টাকা থেকে আড়াই লাখ টাকা গত এক মাসে খোরশেদের নামে পাঠিয়েছেন। এছাড়াও নগদ আরো কয়েক লাখ টাকা গ্রহণের কথা র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন খোরশেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২২ ঘ.