চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ থেকে ২১ অগাস্ট পর্যন্ত ছুটির মাঝে বৃহস্পতি ও শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থল বন্দরে আমদানী-রপ্তানী চালু থাকছে।
বুধবার জাতীয় শোক দিবস সোনামসজিদ স্থল বন্দর বন্ধ রয়েছে। অপর দিকে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের মালদহ জেলার মোহদীপুর স্থল বন্দরেও বন্ধ রয়েছে।
শুক্রবার নির্ধারিত এ দুই বন্দরেই সাপ্তাহিক ছুটি। এছাড়া, রবি থেকে মঙ্গলবার ঈদ উপলক্ষে সোনামসজিদ ও মোহনদী স্থল বন্দর বন্ধ থাকছে।
সোনামসজিদ স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম স্বাধীন জানান, সোনমসজিদ স্থল বন্দর এবং মোহদীপুর স্থল বন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম বুধবার এবং রোববার থেকে মঙ্গলবার বন্ধ থাকবে।
বাংলাদেশ ও ভারতের আমদানী-রপ্তানীকারক সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এই সিদ্ধান্ত নেয়।
শনিবার বাংলাদেশের ব্যবসায়ীরা বন্দর বন্ধ রাখায় আগ্রহ প্রকাশ করলেও ভারতীয় ব্যবসায়ী ওই দিন বন্দর খোলা রাখার অনুরোধ জানায়।
“এজন্য শনিবার বন্দর খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।”
আগামী ২২ অগাস্ট বন্দরের কার্যক্রম আবার শুরু হবে।
এদিকে, সরকার ঘোষিত ঈদের ছুটি শেষে সোনমসজিদ স্থল বন্দরের কাস্টমস কার্যালয় খুলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৩১ ঘ.
bdnews24